Assembly Election

বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ! হুমায়ুন কবিরের ভাইরাল হওয়া ভিডিয়ো নিয়ে সরব তৃণমূল, মানহানি মামলা করব, পাল্টা হুমায়ুন

বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োতে এক ব্যক্তির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় হুমায়ুনকে। সেই কথোপকোথনেই বিজেপির বেশ কিছু শীর্ষ নেতৃত্বের সঙ্গে ‘ডিল’ করার বিষয়টি উল্লেখ করেছেন তিনি।

হুমায়ুন কবির।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৭:০৭

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতিতে কার্যত তোলপাড় শুরু হয়ে গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োটি নিয়ে বিজেপির সঙ্গে ‘ডিল’ করেছেন হুমায়ুন, বলে দাবি করছেন তৃণমূল নেতৃত্ব। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোটি কোটি টাকার চুক্তি হয়েছে বলে বিভিন্ন কথাবার্তা শোনা গিয়েছে ওই ভিডিয়োতে। তবে এই সব অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন।

এ দিন তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠক করে অভিযোগ তোলার পরেই হুমায়ুন কবির বলেন, ‘এখন আর সোজাপথে মোকাবিলা করতে পারছে না। এআই দিয়ে ভিডিয়ো বানিয়ে হুমায়ুন কবিরের ক্ষতি করার চেষ্টা হচ্ছে। আমি কাউকে ছাড়ব না। তৃণমূলের যে নেতারা সাংবাদিক বৈঠক করে এই সব জানিয়েছেন, তাঁদের প্রত্যেকের নামে মানহানির মামলা করব। এই অভিযোগের প্রমাণ দিতে হবে।’

বিজেপির কোনও নেতা-মন্ত্রীর সঙ্গে তাঁর কোনও যোগাযোগ বা কথোপকথন সাম্প্রতিক কালে হয়নি বলেও দাবি করেছেন হুমায়ুন। তিনি বলেন, ‘২০১৯ সালের ব্রিগেডের ময়দানে আমার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হয়েছিল। আমি নমস্কার করেছিলাম। ২০১৯ সালে ১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা হয়েছিল। বিজেপির প্রার্থী হয়েছিলাম। এই দু’টো ঘটনা ছাড়া রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, আসামের মুখ্যমন্ত্রী বা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বা দেশের স্বরাষ্ট্র মন্ত্রী বা বিজেপির যে কোনও নেতার সঙ্গে আমার কোনও ছবি দেখতে পারবে না।’

বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োতে এক ব্যক্তির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় হুমায়ুনকে। সেই কথোপকোথনেই বিজেপির বেশ কিছু শীর্ষ নেতৃত্বের সঙ্গে ‘ডিল’ করার বিষয়টি উল্লেখ করেছেন তিনি। মুসলিম ভোট ভাগ করার জন্যে পৃথক দল করে তিনি নির্বাচনে প্রার্থী দিচ্ছেন এবং বিজেপি ক্ষমতায় আসলে তিনি সমর্থন করবেন বলেও জানিয়েছেন সেই ভিডিয়োয়।


Share