Election Commission

দ্বিতীয় দফার ভোটে কড়া নিরাপত্তা বলয়! রাজ্যে মোতায়েন দু'হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সবচেয়ে বেশি নজর দক্ষিণ ২৪ পরগনায়

কমিশন জানিয়েছে, দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। সুন্দরবন, বারুইপুর এবং ডায়মন্ড হারবার এই তিনটি পুলিশ জেলার অধীনে মোট ৪০৯ কোম্পানি বাহিনী রাখা হবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৯:৪৭

আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনে ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। এই পর্বে মোট দু'হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল নির্বাচন কমিশন। এ বার দ্বিতীয় দফার ভোটের জন্য বাহিনী মোতায়েনের সংখ্যাও ঘোষণা করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় মোট দু'হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি, কোন জেলায় কত সংখ্যক বাহিনী পাঠানো হবে, তার বিস্তারিত হিসাবও প্রকাশ করা হয়েছে।

কমিশন জানিয়েছে, দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। সুন্দরবন, বারুইপুর এবং ডায়মন্ড হারবার এই তিনটি পুলিশ জেলার অধীনে মোট ৪০৯ কোম্পানি বাহিনী রাখা হবে। কলকাতা পুলিশের আওতায় থাকবে ২৭৩ কোম্পানি। এছাড়া পূর্ব বর্ধমানে ২৬০ কোম্পানি এবং হুগলি গ্রামীণ এলাকায় ২৩৪ কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা পুলিশ ও কমিশনারেট এলাকা অনুযায়ী বাহিনী বণ্টনের ক্ষেত্রে বারাসাত পুলিশ জেলায় ১১২ কোম্পানি, বনগাঁয় ৬২ কোম্পানি, বসিরহাটে ১২৩ কোম্পানি এবং বিধাননগর পুলিশ কমিশনারেটে ৫০ কোম্পানি বাহিনী থাকবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে মোতায়েন করা হবে ১৬০ কোম্পানি, হাওড়া গ্রামীণ এলাকায় ১৪৭ কোম্পানি এবং হাওড়া পুলিশ কমিশনারেটে ১১০ কোম্পানি।

এছাড়া নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলায় ১৫৮ কোম্পানি এবং রানাঘাট পুলিশ জেলায় ১২৭ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। চন্দননগর পুলিশ কমিশনারেটে থাকবে ৮৩ কোম্পানি এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে মোতায়েন করা হবে ১৩ কোম্পানি বাহিনী।


Share