Assembly Election

ভোটের আগে উত্তপ্ত হুগলি! টাকা গভীর রাতে বিজেপি প্রার্থীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সোমবার রাতে হুগলির বলাগড়ে বিজেপির একজন কর্মীর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দেখতেই বিজেপির অন্যান্য কর্মী সমর্থক সেখানে যান। রাতে ফেরার পথে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

বিজেপির গাড়ি ভাঙচুর করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, বলাগড়
  • শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০১:৩৫

আবার ভোটের আগে উত্তপ্ত হুগলি। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে হুগলির বলাগড়ে ঘটনাটি ঘটেছে। পরে পুলিশ এসে সম্পূর্ণ ঘটনাটিকে নিয়ন্ত্রণ করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজেপি সূত্রের খবর, সোমবার রাতে হুগলির বলাগড়ে বিজেপির একজন কর্মীর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দেখতেই বিজেপির অন্যান্য কর্মী-সমর্থকেরা সেখানে যান। অভিযোগ, রাতে ফেরার পথে তাঁদের ওপর হামলা চালানো হয়। যে গাড়িতে করে  বিজেপির কর্মীরা আসছিলেন, সেই গাড়িটিকেও প্রায় দেড় ঘন্টা আটকে রাখা হয়। সেই সঙ্গে গাড়ি লক্ষ্য করে ব‍্যপক ইট-পাটকেল ছোড়া হয়। গাড়িটি ভাঙচুর চালানো হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল।

যদিও তৃণমূলের অভিযোগ, মাঝরাতে গাড়ি নিয়ে বিজেপি ওই অঞ্চলে টাকা বিলি করছিল। তৃণমূল খবর পেয়ে দলীয় কর্মীরা গিয়ে প্রতিহত করেছে। তৃণমূলের কাছে হেরে যাবে বলেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।

বলাগড়ের বিজেপি প্রার্থী সুমনা সরকারের কথায় এই অভিযোগ সম্পূর্ণ ‘ভুয়ো’। তিনি বলেন, “তৃণমূল সম্পূর্ণ অনর্থক অভিযোগ করছে। পুলিশ আমাদের গাড়িতে তল্লাশি করেছেন। তাঁরা গাড়িতে কিছুই পায়নি। ওদের হার নিশ্চিত তাই এলাকায় অশান্তি করছে।”

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় শ্রীরামপুরের বিজেপি প্রার্থীকেও ঠিক এমনই টাকা বিলির ‘ভুয়ো’ অভিযোগ তুলে হেনস্থা করার অভিযোগ উঠেছে। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বলেন, তৃণমূলের কর্মীরা ভুয়ো অভিযোগ করে গাড়ি সামনে দাঁড়িয়ে পড়ে। তার পরে ‘ভুয়ো’ অভিযোগ তুলে আমাকে হেনস্থা করার চেষ্টা করে।


Share