Election Commission

ভোটের ঠিক আগে তালিকায় বড় বদল! ট্রাইবুনাল ছাড়পত্রে যুক্ত এক হাজার ৪৬৮ ভোটার, বাদের তালিকায় ৬

ট্রাইবুনালে আবেদন নিষ্পত্তির পর এক হাজার ৪৬৮ জন নতুন ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, পাশাপাশি বাদ দেওয়া হয়েছে ৬ জনের নাম।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১০:৩০

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্বিতীয় দফার ভোটের আগে ফের একটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ট্রাইবুনালে আবেদন নিষ্পত্তির পর এক হাজার ৪৬৮ জন নতুন ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, পাশাপাশি বাদ দেওয়া হয়েছে ৬ জনের নাম।

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। সাতটি জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণের কথা রয়েছে। নতুন প্রকাশিত এই অতিরিক্ত তালিকায় যাঁদের নাম যুক্ত হয়েছে, তাঁরাও এবার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যদিও নিয়ম অনুযায়ী ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ়’ করা হয়েছিল, তবুও সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ভোটের দু’দিন আগ পর্যন্ত ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া আবেদনগুলির ভিত্তিতে যাঁরা বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি পাবেন, তাঁরা ভোট দিতে পারবেন। সেই নির্দেশ অনুসারেই নির্বাচন কমিশন এই পদক্ষেপ করেছে। জানা গিয়েছে, সোমবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া আবেদনগুলির ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে।

এর আগেও প্রথম দফার ভোটের আগে একইভাবে একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে ১৩৯ জন ভোটারের নাম যুক্ত হয়েছিল এবং বাদ পড়েছিল ৮ জনের নাম। উল্লেখযোগ্যভাবে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর প্রায় ৬০ লক্ষাধিক নাম যাচাইয়ের আওতায় ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকরা এই তালিকা পর্যালোচনা করেন, যেখানে বহু আবেদন ‘অযোগ্য’ হিসেবে বিবেচিত হয়। পরে আদালত জানায়, এই সিদ্ধান্তের বিরুদ্ধে চাইলে সংশ্লিষ্টরা অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন।

গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল। এরপর ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হচ্ছে। সর্বশেষ, সোমবার পর্যন্ত ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া আবেদনগুলির ভিত্তিতে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


Share