Lok Bhawan

ভয়মুক্ত ভোটের বার্তা দিতে দ্বিতীয় দফার আগে লোকভবনের কড়া পদক্ষেপ, আরএন রবির উদ্যোগে চালু ২৪x৭ হেল্পলাইন নম্বর

লোকভবনের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, এই 'ডেডিকেটেড ২৪x৭ সিটিজেন হেল্পলাইন'-এর মাধ্যমে ভোট চলাকালীন নাগরিকদের যাবতীয় সহায়তা দেওয়া হবে।

লোক ভবন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১১:১১

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফাকে সামনে রেখে ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল লোকভবন। রাজ্যপাল আরএন রবি চালু করেছেন ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন। এর মূল উদ্দেশ্য প্রতিটি নাগরিক যাতে ভয়মুক্ত পরিবেশে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন।

লোকভবনের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, এই 'ডেডিকেটেড ২৪x৭ সিটিজেন হেল্পলাইন'-এর মাধ্যমে ভোট চলাকালীন নাগরিকদের যাবতীয় সহায়তা দেওয়া হবে। বিশেষত ভোট সংক্রান্ত অভিযোগ, সমস্যা বা তথ্য জানার ক্ষেত্রে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে। যাতে ভোটের সময় কোনও নাগরিক সমস্যায় না পড়েন, সেই দিকটিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও জানানো হয়েছে, এই হেল্পলাইন আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত চালু থাকবে। অর্থাৎ ভোটগ্রহণ শেষ হওয়ার পরও কিছুদিন নাগরিকরা এই পরিষেবার সুবিধা নিতে পারবেন। লোকভবনের মতে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতেও মানুষের পাশে থাকার লক্ষ্যেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

ভোটের সময় স্বাভাবিকভাবেই উত্তেজনা, রাজনৈতিক টানাপোড়েন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই প্রেক্ষাপটে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে গ্রামাঞ্চল বা স্পর্শকাতর এলাকার ভোটারদের জন্য এই হেল্পলাইন এক গুরুত্বপূর্ণ সহায়ক ব্যবস্থা হয়ে উঠতে পারে। কোনও সমস্যা বা অভিযোগ থাকলে দ্রুত যোগাযোগ করে সাহায্য পাওয়ার সুযোগ থাকবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন আগেই রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সিসিটিভি নজরদারি এবং এলাকা দখল নিশ্চিত করতে নিয়মিত টহল সব মিলিয়ে কড়া প্রস্তুতি নেওয়া হয়েছে। তার মধ্যেই লোকভবনের এই উদ্যোগ ভোটারদের আস্থা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ভোটের সময়ে নাগরিকদের মনে যে ভয় বা দ্বিধা তৈরি হয়, তা কাটাতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, গণতন্ত্রের মূল ভিত্তি হল অবাধ ও নিরপেক্ষ ভোটদান আর সেই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতেই এই হেল্পলাইন চালু করা হয়েছে।


Share