Assembly Election

নির্বাচনের কাজে নিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ নয়, অজয় পালশর্মার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা শুনলই না কলকাতা হাই কোর্ট

আইপিএস অজয় পালশর্মাকে বলতে শোনা যায়, “আশপাশের যত লোক আছেন, ভালভাবে কান খুলে শুনে নিন, কেউ কোনও বদমাইশি করলে ভাল করে দাওয়াই দেওয়া হবে। যদি কোথাও থেকে খবর আসে যে কেউ কোনও গুন্ডামি করছে, কাউকে ভয় দেখাচ্ছে, তাহলে ভালমতো ব্যবস্থা নেওয়া হবে।”

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৪:১৪

দক্ষিণ ২৪ পরগনার পুলিশ অবজার্ভারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট।

সোমবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা জাহাঙ্গির খানের বাড়িতে যান পুলিশ অবজার্ভার অজয় পালশর্মা। ফলতার তৃণমূল প্রার্থীকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজনকেই নির্বাচন কমিশনের নির্দেশ স্মরণ করিয়ে দেন। ভোটারদের ভয় দেখানো অভিযোগ রয়েছে জাহাঙ্গির এবং তাঁর দলবলের বিরুদ্ধে। সেই কারণেই তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে জাহাঙ্গিরের বাড়িতে হাজির হন। ভোটগ্রহণের দিন যদি কোনও রকম জাহাঙ্গির বা তাঁর দলবলের বিরুদ্ধে অভিযোগ ওঠে তাহলে কী ফল হতে পারে তা স্মরণ করিয়ে দেন আইপিএস অফিসার অজয়।

মঙ্গলবার সকালে পুলিশ অবজার্ভার অজয় পালশর্মার বিরুদ্ধে মামলা দায়ের করে তৃণমূল। তৃণমূলের দাবি, তিনি পুলিশ অবজার্ভার হিসেবে কাজ করেছেন। তাঁর সশরীরে কারোর বাড়িতে যাওয়ার কোনও অধিকার নেই। কোনও অভিযোগ থাকলে তিনি জেলা পুলিশের সুপারকে জানাবেন। স্থানীয় থানার পুলিশ সেই মতো পদক্ষেপ করবে। অভিযোগ, সোমবার অজয় স্থানীয় পুলিশের কাউকে না নিয়ে গিয়েই জাহাঙ্গিরের বাড়িতে যান। তৃণমূলের প্রার্থী, স্থানীয় দলীয় কর্মীদের ভয় দেখিয়েছেন বলেও অভিযোগ করায় হয়েছে বলেও দাবি করা হয়েছে।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন। হাই কোর্ট সূত্রের খবর, নিদৃষ্ট সময়ের মধ্যে মামলা দায়ের করতে আইনজীবীরা ব‍্যার্থ হয়েছেন। বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচনের কাজে নিযুক্ত আধিকারিকদের নিয়ে দায়ের হওয়া মামলায় এখনই হস্তক্ষেপ করা উচিত নয়। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত এই মামলায় হাই কোর্ট কোনও হস্তক্ষেপ করবে না।

উল্লেখ্য, আইপিএস অজয় পালশর্মাকে বলতে শোনা যায়, “আশপাশের যত লোক আছেন, ভালভাবে কান খুলে শুনে নিন, কেউ কোনও বদমাইশি করলে ভাল করে দাওয়াই দেওয়া হবে। যদি কোথাও থেকে খবর আসে যে কেউ কোনও গুন্ডামি করছে, কাউকে ভয় দেখাচ্ছে, তাহলে ভালমতো ব্যবস্থা নেওয়া হবে।”

এর পরেই তৃণমূল নেতাকে বাড়িতে না পেয়ে জাহাঙ্গিরের বাড়ির লোকেদের উদ্দেশ্য করে উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয় বলেন, “এখানে জাহাঙ্গিরের বাড়ি লোকেরা আছেন। ওকে(জাহাঙ্গির খান) ভালভাবে বুঝিয়ে দেবেন, বারবার খবর আসছে, যে ওর লোকেরা ভোটারদের ভয় দেখাচ্ছে। এ বার ভালমতো ব্যবস্থা নেওয়া হবে। পরে কিন্তু কান্নাকাটি করও না। পস্তাতে হবে কিন্তু।”


Share