Drowning

কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি, জলের স্রোতের তলিয়ে মৃত্যু তিন কিশোরের

ঘটনার খবর পেয়ে খড়্গপুর থানার পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৫:১৩

খড়্গপুরে কাঁসাই নদীতে স্নান করতে নেমে তিন কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকালে খড়্গপুরের ২৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ার বাসিন্দা নিখিল চারি (১৬), জেনিথ চারি (১৭) এবং ক্যালেব ডি বাঙ্গ (১৬) কাঁসাই নদীর এনিকেত বাঁধ সংলগ্ন এলাকায় ঘুরতে গিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয় বন্ধুর একটি দল সকালে সেখানে বেড়াতে যায়। তাদের মধ্যে তিনজন নদীতে স্নান করতে নামার সিদ্ধান্ত নেয়। অন্য বন্ধুরা বারবার বারণ করে। কিন্তু তারা সেই কথা শোনেনি। তারা নদীতে নামে। কিছুক্ষণের মধ্যেই তিন জন কিশোর প্রবল স্রোতে ভেসে যেতে শুরু করে।

বন্ধুদের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে উদ্ধারকাজ শুরু করে। নদীর গভীর জল ও স্রোতের কারণে তাদের খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে খড়্গপুর থানার পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পরে তিন কিশোরকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নদীর প্রবল স্রোতের কারণেই তিন কিশোর তলিয়ে যায়। তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।


Share