Body Recovery

মাত্র ১০ দিনের ব্যবধান, ফের খড়্গপুর আইআইটিতে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

এর আগে একই ক্যাম্পাসে মাত্র কয়েক দিন আগে আর এক ছাত্রের মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। পরপর এই ধরনের ঘটনায় পড়ুয়াদের মানসিক অবস্থা ও ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

খড়্গপুর আইআইটি
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ০৫:০৯

খড়্গপুরের আইআইটিতে ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মাঝে মাত্র ১০ দিনের ব্যবধান। মঙ্গলবার চতুর্থ বর্ষের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম সোহম হালদার(২২)। তিনি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতের শালবাগানে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যাম্পাসের পণ্ডিত মদনমোহন মালব্য হলের ৩২৯ নম্বর ঘরে সোহম থাকতেন। মঙ্গলবার সকাল থেকে তিনি দরজা খোলেননি। তাতেই নিরাপত্তারক্ষীদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে ঘরের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করে। দ্রুত তাঁকে বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল একই ক্যাম্পাসে তৃতীয় বর্ষের ছাত্র জয়বীর সিং দারিয়ার (২১) অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। পরপর এই ধরনের ঘটনায় পড়ুয়াদের মানসিক অবস্থা ও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বার বার পড়ুয়াদের এরকম সিদ্ধান্ত বেছে নেওয়ায় সন্দেহ দানা বাঁধছে।


Share