Road Accident

নিউ টাউনে হেলমেট ছাড়া বেপরোয়া স্কুটি চালানোয় বিপত্তি, ডিভাইডারে ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারলে গুরুতর জখম অবস্থায় ত্রিদীপকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নিউ টাউন
  • শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ০৯:০৬

নিউ টাউনে হেলমেট ছাড়া দ্রুতগতিতে স্কুটি চালানোর ভয়াবহ পরিণতি। রবিবার সকালে নিউ টাউনের বিশ্ব বাংলা সরণিতে স্কুটি দুর্ঘটনায় মৃত্যু হল ২৩ বছর বয়সি এক যুবকের। মৃতের নাম ত্রিদীপ চৌধুরী। তিনি বাগুইআটির বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে নিউ টাউনের ইকো পার্কের ১ নম্বর গেট থেকে ২ নম্বর গেটের দিকে সার্ভিস রোড ধরে অত্যন্ত দ্রুত গতিতে স্কুটি চালাচ্ছিলেন ত্রিদীপ। সেই সময় তাঁর মাথায় কোনও হেলমেট ছিল না। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারেন। সংঘর্ষের তীব্রতায় যুবক রাস্তায় ছিটকে পড়ে। ঘটনায় গুরুতর জখম হন।

দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারাই প্রথমে তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় নিউ টাউন থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ত্রিদীপকে উদ্ধার করে। তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হবে। ঘটনার পর এক পুলিশকর্মী জানান, হেলমেট ছাড়া ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকার জন্য নিয়মিত প্রচার চালানো হচ্ছে। তবুও অনেকের মধ্যেই এখনও সচেতনতার অভাব রয়েছে। সাধারণ মানুষকে ফের একবার হেলমেট পরে ও নিয়ম মেনে গাড়ি চালানোর আবেদন জানিয়েছে পুলিশ।


Share