Cow Seized

সবজির ঝুড়ির আড়ালে গরু পাচারের চেষ্টা, দাসপুরে পিকআপ ভ্যান আটক, গ্রেফতার এক

মঙ্গলবার গভীর রাতে ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় ধাওয়া করে ভ্যানটি আটক করা হয়। ধৃতকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়েছে।

তল্লাশিতে ন'টি গরু উদ্ধার হয়।
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
  • শেষ আপডেট: ০৪ আগস্ট ২০২৬ ০৫:০০

পশ্চিম মেদিনীপুরে দাসপুরে গভীর রাতে গরু পাচারের অভিযোগে পুলিশ একটি পিকআপ ভ্যান আটক করল। চোখে ধুলো দিতে গাড়িটির উপরিভাগে সবজির ঝুড়ি সাজিয়ে রাখা হয়। তল্লাশিতে তার নীচ থেকে উদ্ধার হয় ন'টি গরু। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ২টো নাগাদ ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় একটি সন্দেহজনক পিকআপ ভ্যানের গতিবিধি নজরে আসে। পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করলে চালক পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে শেষ পর্যন্ত ভ্যানটি আটক করা হয়।

তল্লাশির সময় দেখা যায়, গাড়ির উপরে সবজির ট্রে দিয়ে আড়াল করা হয়। নীচে গরুগুলি লুকিয়ে রাখা ছিল। অভিযোগ, সেগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। ভ্যান থেকে মোট ন'টি গরু উদ্ধার করা হয়েছে।

ধৃতের নাম আঙ্গার খান। তাঁর বাড়ি মেদিনীপুর কোতোয়ালি থানার চেরুয়া এলাকায় বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার সকালে তাঁকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হচ্ছে।

দাসপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতের সঙ্গে আরও কেউ এই পাচারচক্রের সঙ্গে যুক্ত রয়েছে কি না, গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এর পিছনে বড় কোনও চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া গরুগুলিকে আপাতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে।


Share