Accident

গলসিতে ভয়াবহ পথ দুর্ঘটনা! ট্রাকের ধাক্কায় জখম রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু

পূর্ব বর্ধমানের গলসিতে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় আহত হলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু ও চালক। হাসপাতালে চিকিৎসার পর মালতিকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, গলসি
  • শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ১২:৩৬

বুধবার সকালেই পূর্ব বর্ধমানের গলসিতে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। দিল্লি-কলকাতা ১৯ নম্বর জাতীয় সড়কের সুরুল এলাকায় একটি ফ্লাইওভারের উপর ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু। আহত হয়েছেন তাঁর গাড়ির চালক মঙ্গল মুর্মুও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বর্ধমান থেকে বাঁকুড়ায় নিজের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন মালতি টুডু। গলসির সুরুল এলাকায় পৌঁছোতেই নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক প্রথমে একটি ভ্যানকে ধাক্কা মারে। এরপর সেটি মালতি টুডুর গাড়িতেও সজোরে ধাক্কা দেয়। তবে চালক মঙ্গল মুর্মুর তৎপরতায় দ্রুত ব্রেক কষে গাড়ির নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়। দুর্ঘটনায় মালতি টুডু ও তাঁর চালক আহত হন।

দুর্ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহত ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু এবং গাড়ির চালক মঙ্গল মুর্মুকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মালতি টুডুর মাথা ও বাঁ হাতে আঘাত লেগেছে। তাঁর সিটি স্ক্যানও করা হয়েছে। অন্য দিকে, গাড়ির চালক মঙ্গল মুর্মুর হাতে চোট লেগেছে। দুর্ঘটনায় ভ্যানচালক কার্তিক হাজরাও আহত হন। তিনিও একই হাসপাতালে চিকিৎসাধীন। তবে প্রাথমিক চিকিৎসার পর মালতি টুডুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনা প্রসঙ্গে মালতি টুডু জানান, ঘটনার সময় তাঁদের গাড়ির সামনে অন্য কোনও গাড়ি ছিল না। তাই চালক দ্রুত ব্রেক কষে বড়সড় বিপদ এড়াতে সক্ষম হন। এ দিকে, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার পুষ্পা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


Share