Accident

জামাইষষ্ঠীর আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে, অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ির বহু সামগ্রী

নতুন গ্যাস সিলিন্ডার লাগানোর পর ওভেন জ্বালাতেই রান্নাঘরে আগুন লেগে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে।

নতুন সিলিন্ডার সংযোগের পর ওভেন জ্বালাতেই হঠাৎ রান্নাঘরে আগুন ধরে যায়।
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ
  • শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৮:৪১

শনিবার জামাইষষ্ঠী ছিল। সেই উপলক্ষে উৎসবের আবহে জমজমাট ছিল বনগাঁর একটি পরিবার। রবিবার ছুটির দিন ছিল। তাই রবিবার পরিবারের চার জামাই শ্বশুরবাড়িতে এসেছিলেন। তাঁদের আপ্যায়নের জন্য দুপুরে বিশেষ ভোজের আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই রান্নার ব্যস্ততা চলছিল। কিন্তু সেই আনন্দের মাঝেই অঘটন ঘটে যায়।

রবিবার দুপুরে বনগাঁ থানার কুটিবাড়ি খাসপাড়া এলাকায় আচমকাই আগুন লেগে যায় একটি বাড়িতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির প্রবীণ শ্বশুর-শাশুড়ির কথা ভেবে রান্নার দায়িত্ব নিজেরাই সামলাচ্ছিলেন জামাইরা। রান্নার বেশিরভাগ কাজ শেষ হওয়ার পর একটি গ্যাস সিলিন্ডার ফুরিয়ে যায়। নতুন সিলিন্ডার লাগানো হয়। অভিযোগ, নতুন সিলিন্ডার সংযোগের পর ওভেন জ্বালাতেই হঠাৎ রান্নাঘরে আগুন ধরে যায়।

পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই আগুন বাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দমকল বিভাগে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের তীব্রতা বাড়তে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সম্ভাব্য বিপদ এড়াতে বাড়ির গ্যাস সিলিন্ডারগুলি দ্রুত পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।

খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। তবে বাড়ির সামনে সরু ও দীর্ঘ গলি থাকায় পাইপের মাধ্যমে জল পৌঁছোতে কিছুটা সময় লাগে। এর মধ্যেই বাড়ির বহু আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী আগুনে পুড়ে যায়। দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

দমকল বিভাগের আধিকারিক সুজিত কুমার মণ্ডল জানান, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, বাড়িতে পৌঁছোনোর পথে সরু রাস্তা থাকায় উদ্ধারকাজে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।

অগ্নিকাণ্ডে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। উৎসবের আনন্দের দিনে এই ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।


Share