Road Accident

শখের বাইক কেড়ে নিল প্রাণ, খড়্গপুরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু কলকাতার বাইকপ্রেমী মহিলার

সহযাত্রীদের অভিযোগ, বালিহাটি এলাকায় জাতীয় সড়কের উপর থাকা একটি গর্ত ছিল। সেই গর্তেই তাঁর বাইকের চাকা পড়ে যায়। দেবাহুতি বাইক নিয়ন্ত্রণ হারান।

দেবাহুতি বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ২১ জুলাই ২০২৬ ০৮:৩০

বাইক ছিল নেশা। সেই বাইকেই চেপে ফেরার পথেই ঘটে গেল দুর্ঘটনা। খড়্গপুর লোকাল থানার অন্তর্গত জাতীয় সড়কের বালিহাটি এলাকায় রবিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ পথ দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। মৃতার নাম দেবাহুতি বন্দ্যোপাধ্যায়ের (৪৪)। তিনি কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থায় তিনি কর্মরত ছিলেন। অবসর সময়ে বাইক চালানোই ছিল তাঁর অন্যতম প্রিয় শখ। রবিবার তিনি আটজন সঙ্গীকে নিয়ে চাঁদিপুর থেকে বাইকে করে কলকাতায় ফিরছিলেন। সেই দলেই ছিলেন তাঁর ছেলে অনিকেত। অনিকেত অন্য একটি বাইকে মায়ের কিছুটা সামনে চলছিলেন।

অনিকেতের দাবি, দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন। পরিবারের সদস্য ও সহযাত্রীদের অভিযোগ, বালিহাটি এলাকায় জাতীয় সড়কের উপর থাকা একটি গর্ত ছিল। সেই গর্তেই তাঁর বাইকের চাকা পড়ে যায়। দেবাহুতি বাইক নিয়ন্ত্রণ হারান। এরপর তিনি রাস্তায় ছিটকে পড়েন। গুরুতর জখম হন।

স্থানীয়দের সহায়তায় তাঁকে দ্রুত খড়্গপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় দেবাহুতির বাইকের পিছনে বসে থাকা টুম্পা পাল সামান্য আহত হন। তাঁকে মেদিনীপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের পর রবিবার রাতেই দেহ কলকাতার ঢাকুরিয়ার বাড়িতে নিয়ে আসা হয়। সোমবার পরিবারের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।


Share