Road Accident

জাতীয় সড়কে দুর্ঘটনা, আটক প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী, জখম একটি শিশু- সহ তিনজন

খড়্গপুর-মোরগ্রাম জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডির গাড়ি। বাসকে ওভারটেক করতে গিয়ে প্রথমে একটি মোটরবাইক ও পরে লরিতে ধাক্কা মারে গাড়িটি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০২

জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডির গাড়ি। সোমবার সকালে বাঁকুড়া সদর থানা এলাকার এক্তেশ্বর ব্রিজের কাছে খড়্গপুর-মোরগ্রাম জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় এক শিশু-সহ তিন জন গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনার পর তুহিন মান্ডিকে পুলিশ আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দুর্গাপুরের দিক থেকে গাড়ি নিয়ে তুহিন মান্ডি বাঁকুড়ার দিকে আসছিলেন। এক্তেশ্বর ব্রিজের কাছে একটি বাসকে ওভারটেক করতে যান। তখন নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে উল্টোদিক থেকে আসা একটি মোটরবাইকে তাঁর গাড়ি ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে গিয়ে গাড়িটির ধাক্কা লাগে।

মোটরবাইকে থাকা এক শিশু-সহ তিন জন এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গাড়িতে তুহিন মান্ডি একাই ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।


Share