Body Recovery

পূর্ব মেদিনীপুরে বাড়ি থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, গ্রেফতার স্বামী

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দাম্পত্য কলহের জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়া
  • শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ০৩:৫০

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার গভীর রাতে পাঁশকুড়া থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর এলাকায় ঘটনাটি ঘটে। একটি বাড়ি থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়।মৃতার নাম মণিকা দাস (৪৬)। ঘটনার তদন্তে নেমে স্ত্রীকে খুনের অভিযোগে তাঁর স্বামীকে সন্দেহ করা হয়। তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের নাম মনোরঞ্জন দাস।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মনোরঞ্জন দাসের একটি সাইকেলের দোকান রয়েছে। তাঁদের ছেলে কর্মসূত্রে হায়দরাবাদে থাকেন। পরিবারের দাবি, মনোরঞ্জন বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। রাতেও প্রায়শই দোকানেই কাটাতেন।

শনিবার গভীর রাতে পরিবারের সদস্যরা ঘরের মধ্যে মণিকা দাসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছোয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই মৃত্যু ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দাম্পত্য কলহের জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে। যদিও পরিবারের দাবি, সাম্প্রতিক সময়ে মণিকার সঙ্গে কারও কোনও ঝগড়া বা অশান্তির ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, পুরনো কোনও বিবাদ বা অন্য কোনও কারণ এই ঘটনার নেপথ্যে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার রাতে মনোরঞ্জন দাস কোথায় ছিলেন এবং ঘটনার সঙ্গে তাঁর যোগ রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত চালানো হচ্ছে।


Share