Road Accident

হাড়োয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাইক–ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুই যুবকের

বাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান রমেন মণ্ডল (২১) ও ঈশান মণ্ডল (১৮)। দুর্ঘটনায় আরও দু’জন গুরুতর জখম হয়েছেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট
  • শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০৮:১৭

উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া এলাকায় পথ দুর্ঘটনা। মৃত্যু হল দুই যুবকের। ঘটনায় আরও দু’জন গুরুতরভাবে জখম হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে হাড়োয়া মাদারতলা রোডে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম রমেন মণ্ডল (২১) ও ঈশান মণ্ডল (১৮)। শুক্রবার রাতে তারা বন্ধুদের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। ভোররাতে দুটি বাইকে মোট চারজন বাড়ি ফিরছিলেন। ভোর প্রায় চারটে নাগাদ হাড়োয়া মাদারতলা রোড দিয়ে যাওয়ার সময় একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে বাইক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার তীব্রতায় চারজনই রাস্তার উপর ছিটকে পড়েন।রমেন ও ঈশানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি দুই যুবক গুরুতর জখম হন। জানা গিয়েছে, ভোরের দিকে এলাকায় কুয়াশা ছিল। রাস্তা প্রায় ফাঁকাই ছিল। অনুমান, সেই সময় দ্রুত গতিতে বাইক চালানো হচ্ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার কারণে উল্টো দিক থেকে আসা ভ্যানটি ঠিকমতো দেখতে পায়নি। আর তাতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে। 

দুর্ঘটনার শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশেও খবর দেওয়া হয়। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share