Body Recovery

খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার, রহস্যমৃত্যুর তদন্তে পুলিশ

খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে এক সহকারী অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত দীপক রেড্ডি পুল্লাগুরম (৩৬) ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

মৃতের নাম দীপক রেড্ডি পুল্লাগুরম।
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০৬:০৯

ফের দুর্ঘটনা খড়্গপুর আইআইটির ক্যাম্পাসে। ক্যাম্পাস থেকে এক সহকারী অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম দীপক রেড্ডি পুল্লাগুরম (৩৬)। তিনি আইআইটির ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি হায়দরাবাদের বাসিন্দা। কর্মসূত্রে আইআইটি ক্যাম্পাসের একটি কোয়ার্টারে একাই থাকতেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে আইআইটি কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এরপর দুপুর সাড়ে ১২টা নাগাদ খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় কোয়ার্টারের ঘরে প্রবেশ করে। সেখানে অধ্যাপককে তাঁরা ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে আইআইটি ক্যাম্পাসের বি. সি. রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের স্বার্থে অধ্যাপকের ঘর সিল করে দেওয়া হয়েছে। সেখানে তল্লাশি চালানো হচ্ছে।

ইতিমধ্যেই হায়দরাবাদে থাকা তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তারক্ষী, কোয়ার্টারের অন্যান্য বাসিন্দা এবং অধ্যাপকের সহকর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার বিভিন্ন দিক তদন্তকারীরা খতিয়ে দেখছেন। ব্যক্তিগত জীবন বা কর্মক্ষেত্রে কোনও সমস্যার জেরে এই মৃত্যু কি না, সেই দিকও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, এক অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত আইআইটি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।


Share