Accident

নাতনির অন্নপ্রাশনের নিমন্ত্রণে বেরিয়ে মৃত্যু, গাছের ডাল ভেঙে প্রাণ হারালেন দাদু

হনুমানের লাফে ডাল ভেঙে সরাসরি তাঁর মাথায় পড়ায় গুরুতর জখম হন, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। আনন্দের প্রস্তুতির মাঝেই এই আকস্মিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পিংলা
  • শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০৭:১৯

নাতনির অন্নপ্রাশনের নিমন্ত্রণ করতে গিয়ে বিপত্তি। গাছের ডাল ভেঙে প্রাণ হারালেন দাদু। পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকায় শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম তরুণ পাঁজা (প্রায় ৫০)। তাঁর বাড়ি সবংয়ের বলপাই অঞ্চলের পানপাড়া গ্রামে।

নাতনির অন্নপ্রাশন অনুষ্ঠান ঘিরে ব্যস্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্নপ্রাশনের নিমন্ত্রণপত্র বিলি করতে সাইকেলে তরুণবাবু বেরিয়েছিলেন। আগামী সপ্তাহেই অনুষ্ঠান। তাই যথেষ্ট প্রস্তুতির চাপও ছিল। সেই সময় জলচক সংলগ্ন পশ্চিমচক পেট্রোল পাম্পের কাছে রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই তাঁর উপর বিপদ নেমে আসে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাস্তার ধারে থাকা একটি বড় গাছ থেকে একটি হনুমান লাফ দেওয়ার সময় একটি ভারী ডাল ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তেই তরুণ পাঁজা গাছের নীচ দিয়ে যাচ্ছিলেন। ডালটি সরাসরি তাঁর মাথায় পড়ে। ফলে তিনি গুরুতর জখম হন ও রাস্তায় লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। আনন্দের প্রস্তুতির মাঝেই এমন অপ্রত্যাশিত ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এ প্রসঙ্গে সবং ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স বলেন, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। শোকপ্রকাশ করার ভাষা নেই।


Share