Drowning

স্নান করতে নেমে আর ফেরা হল না, দাঁতনে সুবর্ণরেখা নদীতে তলিয়ে মৃত্যু বাবা-ছেলের

দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় খোঁজ শুরু হলে ঘাটে তাঁদের সাইকেল ও জামাকাপড় পড়ে থাকতে দেখা যায়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দাঁতন
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১২:৪৩

সুবর্ণরেখা নদীতে স্নান করতে নেমে প্রাণ হারালেন বাবা ও ছেলে। শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের দাঁতন এক নম্বর ব্লকের বড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মানস চন্দ (৪৫) এবং তাঁর ছেলে মৌসুম চন্দ্র (৮)। স্থানীয় সূত্রে খবর, তাঁরা দুপুরের দিকে গ্রামের কাছেই নদীর ঘাটে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই তাঁরা নদীর জলে তলিয়ে যান বলে অনুমান।

বেশ কিছু ক্ষণ কেটে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের মধ্যে উদ্বেগ ছড়ায়। এরপর মানসের বড় ছেলে নদীর ঘাটে খোঁজ করতে যান। তিনি গিয়ে দেখতে পান, ঘাটের ধারে তাঁদের সাইকেল ও জামাকাপড় পড়ে রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের জানানো হয়।

খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ মিলে তল্লাশি অভিযান শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর নদী থেকে বাবা ও ছেলের নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Share