Death

ক্যানিংয়ে কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণের ঘটনায় আট বছরের সাদিকুলের মৃত্যু, হাসপাতালে মৃত‍্যুর সঙ্গে লড়ছে আরও দুই শিশু

হঠাৎই দু’টি ড্রাম বিকট শব্দে ফেটে আগুন ধরে যায়। তাতে মারাত্মকভাবে ঝলসে যায় সামিউল মোল্লা, রায়হান মোল্লা, রিয়াজ হাসান মোল্লা এবং সাদিকুল মোল্লা। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ক্যানিং
  • শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৪

কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছিল আট বছরের সাদিকুল আহমেদ। শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যাওয়ায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। অবশেষে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত আরও দুই শিশু এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

গত ১৭ ফেব্রুয়ারি ক্যানিং পূর্ব বিধানসভার ঘটকপুকুর থেকে মধ্য খড়গাছি এলাকায় রাস্তা মেরামতির কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। প্রায় সাত কিলোমিটার জুড়ে রাস্তার কাজ চলছিল। রাস্তার ধারে রাখা ছিল ২০০ লিটার লাইট ডিজেল অয়েল (এলডিও) ভর্তি কয়েকটি ড্রাম, যা পিচ ও অ্যাসফাল্ট গলাতে ব্যবহার করা হয়। অভিযোগ, ওই ড্রামগুলির পাশেই খেলছিল চার শিশু।

হঠাৎই দু’টি ড্রাম বিকট শব্দে ফেটে আগুন ধরে যায়। তাতে মারাত্মকভাবে ঝলসে যায় সামিউল মোল্লা, রায়হান মোল্লা, রিয়াজ হাসান মোল্লা এবং সাদিকুল মোল্লা। স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার পর কলকাতা পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। প্রবল গরমে ড্রামগুলিতে আগুন লেগেছিল, নাকি অন্য কোনও কারণে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

Share