Train Line

বছরের পর বছর ফাইলবন্দি প্রকল্পে গতি, উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় চার নতুন রেললাইনে সবুজ সংকেত রেল মন্ত্রকের

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, বনগাঁ-চাঁদাবাজার নতুন রেললাইন প্রকল্পে তিনটি বড় সেতু এবং একটি ছোট সেতু তৈরি হবে। এ ছাড়াও যাত্রীদের সুবিধার্থে নতুন প্ল্যাটফর্ম, শেড, ফুট ওভার ব্রিজ, টিকিট কাউন্টার-সমেত আধুনিক স্টেশন বিল্ডিং তৈরি হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ
  • শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০৫:২৬

অনেকদিন আগেই ঘোষণা হয়েছিল, কিন্তু সরকারি উদ্যোগ ছিল না। সেই সরকারি উদ্যোগগুলির ঠাঁই হয়েছিল ঘরের এক কোণায়। এবার রেল মন্ত্রক উত্তর ২৪ পরগনা ও নদীয়ার চারটি প্রকল্পকে বাস্তবায়িত করতে উদ্যোগী হল।

স্থানীয় বাসিন্দাদের আশা, বনগাঁ–পোড়ামহেশতলা (২০ কিমি), বনগাঁ–চাঁদা বাজার (১১.৫ কিমি), চাঁদা বাজার–বাগদা (১৩.৮ কিমি) এবং রানাঘাট–দত্তফুলিয়া (৮.১৭ কিমি) রুটে চারটি নতুন রেললাইন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে। এই প্রকল্পগুলির কাজ সম্পন্ন হলে সড়কপথের ওপর স্থানীয় বাসিন্দাদের নির্ভরশীলতা অনেকাংশেই কমবে।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, বনগাঁ-চাঁদাবাজার নতুন রেললাইন প্রকল্পে তিনটি বড় সেতু এবং একটি ছোট সেতু তৈরি হবে। এ ছাড়াও যাত্রীদের সুবিধার্থে নতুন প্ল্যাটফর্ম, শেড, ফুট ওভার ব্রিজ, টিকিট কাউন্টার-সমেত আধুনিক স্টেশন বিল্ডিং তৈরি হবে। এর পাশাপাশি বনগাঁ-পোড়ামহেশতলা রুটে রেললাইন পাতা হলে শুধু বনগাঁ থেকে কল্যাণী অভিমুখে পোড়ামহেশতলা পর্যন্ত অঞ্চলে রেল সংযোগ স্থাপিত হবে। এই সেকশনে একটি বড় সেতু এবং ৩৭টি ছোট সেতুও তৈরি করা হবে। এই নতুন লাইনটি বনগাঁ-রানাঘাট শাখা লাইনের ২১ নম্বর লেভেল ক্রসিংয়ের কাছ থেকে (বনগাঁ স্টেশনের প্রায় ১ কিমি আগে) শুরু হবে। মনে করা হচ্ছে, উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী শহর বনগাঁর রেল নেটওয়ার্ক প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এর পাশাপাশি চাঁদাবাজার ও বাগদার মধ্যে নতুন রেললাইন বসানোর ঘোষণাও করা হয়েছে। প্রস্তাবিত ব্রডগেজ লাইনটি বনগাঁ-পেট্রাপোল সেকশন থেকে আলাদা হয়ে বনগাঁ-বাগদা স্টেট হাইওয়ের সমান্তরালে নির্মিত হবে। এই লাইনে দুটি বড় সেতু ও ১৪টি ছোট সেতু থাকবে। পাশাপাশি আধুনিক যাত্রীসুবিধা-সমেত নতুন স্টেশন ভবন গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার অন্তর্গত এই অঞ্চলটি মূলত কৃষিনির্ভর। ভারতীয় রেল মনে করছে, এখানে বড় শিল্প বা খনিজ সম্পদের ভাণ্ডার না থাকলেও, দ্রুতগামী ইএমইউ পরিষেবা চালু হলে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

পূর্ব রেল জানিয়েছে, উত্তর ২৪ পরগনার পাশাপাশি নদিয়া জেলাতেও নতুন রেললাইন চালুর পরিকল্পনা। সংস্থার দাবি, রানাঘাট ও দত্তফুলিয়ার মধ্যে প্রস্তাবিত রেলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রানাঘাট একটি ঐতিহ্যবাহী বাণিজ্য ও শিক্ষা কেন্দ্র, যা শিয়ালদহ থেকে ৭৩ কিলোমিটার দূরে অবস্থিত এবং গেদে ও লালগোলার সঙ্গে রেল যোগাযোগে যুক্ত।

অন্যদিকে, নদিয়া জেলার পূর্ব প্রান্তে অবস্থিত দত্তফুলিয়া একটি সমৃদ্ধ এলাকা। বর্তমানে এখানকার বাসিন্দাদের ট্রেনে উঠতে প্রায় ৯ কিলোমিটার ব্যয়বহুল সড়কপথে যাতায়াত করতে হয়। এই সমস্যার সমাধানে আট কিলোমিটারেরও বেশি দীর্ঘ নতুন রেললাইন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যা আড়ংঘাটা থেকে শুরু হয়ে রাজ্য সড়কের সমান্তরালে দত্তফুলিয়া পর্যন্ত যাবে। এই সেকশনে মোট ১৫টি ছোট সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে।


Share