Murder

পিংলায় পারিবারিক অশান্তির ভয়াবহ পরিণতি, পিসিকে কাঁচি দিয়ে খুন, অভিযুক্ত ভাইপো গ্রেফতার

রাগের মাথায় পিসির গলায় কাঁচি দিয়ে আঘাত করার অভিযোগে ভাইপো-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পিংলা
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১০:২২

পারিবারিক বিবাদের জেরে ভয়াবহ পরিণতি। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার এলাকায় ঘটনাটি ঘটেছে। রাগের মাথায় পিসির গলায় কাঁচি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে ভাইপোর বিরুদ্ধে। ঘটনায় তাকে সহ আরও দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। বৃদ্ধা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয়েছে ।

মৃতার নাম ছবি রায় (৬২)। তিনি পিংলা থানার অন্তর্গত পিণ্ডরুই গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ছবি রায়ের সঙ্গে তাঁর ভাই কৃষ্ণপ্রসাদ মণ্ডলের পরিবারের পারিবারিক অশান্তি ও বিবাদ বাঁধে। অভিযোগ, বচসার সময় ছবি রায়ের ভাইপো গোবিন্দ মণ্ডল হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন। তাঁর পিসি ও পিসির স্বামী গুরুপদ রায়ের উপর হামলা চালান।

অভিযোগ অনুযায়ী, হাতের সামনে থাকা একটি কাঁচি নিয়ে গোবিন্দ মণ্ডল ছবি রায়ের গলায় আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেও শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে রবিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত গোবিন্দ মণ্ডল ও তাঁর বাবা কৃষ্ণপ্রসাদ মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পিংলা থানার পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দু’জনকেই গ্রেফতার করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share