MLA Cup Chaos

১৫ হাজার আসনের স্টেডিয়ামে ৬০ হাজারের ঢল! এমএলএ কাপ ফাইনালে হুড়োহুড়িতে অসুস্থ অন্তত ন'জন, চিকিৎসার দায়িত্ব নিল ফুটবল কমিটি

ক্যানিংয়ে এমএলএ কাপ ফাইনালে ভয়াবহ ভিড়। ১৫ হাজার আসনের স্টেডিয়ামে ঢুকতে গিয়ে হুড়োহুড়িতে অসুস্থ অন্তত ৯ জন, আহত পুলিশও। হাসপাতালে ভর্তি আহতরা।

স্টেডিয়ামের বাইরে ভিড়
নিজস্ব সংবাদদাতা, ক্যানিং
  • শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ০১:৩৮

এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে এসে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়লেন অন্তত ন'জন দর্শক। তাঁদের মধ্যে কয়েকজন পুলিশকর্মীও রয়েছেন। রবিবার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের উদ্যোগে ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচের আয়োজন করা হয়।

১৫ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামে ফাইনাল খেলা দেখতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষের জমায়েত হয় বলে জানা গিয়েছে। অভিযোগ, অনেক দর্শক টিকিট কেটে ফাইনালের দিন একসঙ্গে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হুড়োহুড়ির জেরে একাধিক দর্শক আহত হন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের কয়েকজন কর্মীও অসুস্থ হয়ে পড়েন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর বিধায়ক পরেশরাম দাস স্টেডিয়ামে মাইক হাতে ঘোষণা করেন, আহত সকলের চিকিৎসার দায়িত্ব ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে নেওয়া হবে।

ফাইনাল খেলা দেখতে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। এছাড়াও ছিলেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, অভিনেতা অঙ্কুশ এবং অভিনেত্রী ঐন্দ্রিলা।


Share