Child Falls Ill After Eating Poisonous Fruit

দক্ষিণ ২৪ পরগনায় খেলতে গিয়ে দুর্ঘটনা, বিষাক্ত ফল খেয়ে হাসপাতালে ১১ জন শিশু

খেলার ছলে বাদাম ভেবে রাস্তার ধারের বিষাক্ত ফল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ১১ জন খুদে। সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার বলদেবপুর এলাকায় ঘটনাটি ঘটে। বর্তমানে তাঁদের অবস্থা স্থিতিশীল।

বিষাক্ত ফলের গাছগুলি
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৩:৪৪

খেলার মাঝে বিপত্তি। বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে গুরুতর অসুস্থ ১১জন খুদে। প্রত্যেকের বয়স আট থেকে ১২ বছরের মধ্যে। তাদের ভর্তি করা হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তবে জানা গিয়েছে, বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা কড়া নজরে রেখেছেন। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার বলদেবপুর এলাকায়।

সূত্রের খবর, সোমবার বিকেলে বলদেবপুর গ্রামের একদল খুদে একসঙ্গে খেলা করছিল। সেই সময়ে খেলার ছলে রাস্তার ধারে থাকা একটি গাছের ফল বাদাম মনে করে খেয়ে ফেলে তাঁরা। ফল খাওয়ার কিছুক্ষণ পরেই একসাথে সকলের বমি, পেটে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয়। বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই খবর দেন ওই শিশুদের বাড়িতে।

পরিবারের সদস্যরা শিশুদের স্থানীয় মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে শিশুদের অবস্থার অবনতি হলে রেফার করা হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত শিশুদের শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন চিকিৎসকরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার ধারে থাকা বিষাক্ত গাছগুলি দ্রুত সরিয়ে ফেলা দরকার। নাহলে যে কোনও সময়ে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে।


Share