Leonel Messi

উড়ে আসছে জলের বোতল, যুবভারতী ক্রীড়াঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত, নির্ধারিত সময়ের আগেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন লিওনেল মেসি

পরিস্থিতি সামাল দিতে নামে র‍্যাফ। এমনকি পুলিশকর্মীদের দেখেও স্লোগান ওঠে। চলে ধস্তাধস্তি। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে এক পুলিশকর্মীকে ফেলে মারা হচ্ছে। বাইরেও চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কিনেছেন কিন্তু তাঁদের মেসিকে দেখতে পাননি। ঘটনার পরে মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

মাঠে নেমে পড়েছে উত্তেজিত জনতা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ০১:৩৬

যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা। আইনশৃঙ্খলা বিঘ্নিত। নিরাপত্তার কারণে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। এর পরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। মাঠে নেমে পড়েন মেসি ভক্তরা। করা হয়েছে ভাঙচুর। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার সকালে নির্ধারিত সময়ের মধ্যেই মাঠে পৌঁছে যান বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার লিওনেল মেসি। সঙ্গে ছিলেন উরুগুয়ের তারকা ফুটবলার লুই সুয়ারেজও। ছিলেন আরেক আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার রড্রিগো ডি পল। অভিযোগ, মেসিকে মাঠে ঢুকতেই তাঁকে ঘিরে রয়েছেন ১০০ জন লোক। তার ফলে দর্শক আসনে বসে থাকা ভক্তরা তাঁকে দেখতে পাচ্ছেন না। কিছুটা সামনে আসতেই মাঠে উড়ে আসে বোতল। স্টেডিয়ামের বাকেট চেয়ার ভেঙে তা ছোঁড়া হয় মাঠে।

নিরাপত্তার কারণে মেসি মাঠ ছেড়ে বেরিয়ে যান। ২০ মিনিট ছিলেন তিনি। নির্ধারিত সময়ের আগেই তিনি বেরিয়ে যান। এর পরেই উত্তেজিত জনতা ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন। মাঠে থাকা গোলপোস্টের জালও ছিঁড়ে দেওয়া হয়। মাঠে লাগানো হোর্ডিং ভাঙচুর করা হয়। রীতিমতো তান্ডব চলল মাঠে। অস্থায়ী টেন্ট ধাক্কা মেরে ভাঙা হয়েছে। খেলোয়াড়রা যেখান দিয়ে প্রবেশ করে তার ছাউনি ভেঙে ফেলে হয়েছে। 

পরিস্থিতি সামাল দিতে নামে র‍্যাফ। এমনকি পুলিশকর্মীদের দেখেও স্লোগান ওঠে। চলে ধস্তাধস্তি। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে এক পুলিশকর্মীকে ফেলে মারা হচ্ছে। বাইরেও চলছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কিনেছেন কিন্তু তাঁদের মেসিকে দেখতে পাননি। ঘটনার পরে মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রসঙ্গত, ১৪ বছর পর আবার কলকাতায় এসেছিলেন মেসি। বিমানবন্দর থেকে বেরিয়ে মেসি সোজা চলে যান তাঁর হোটেলে। সেখানে মেসিকে স্বাগত জানানোর জন্য তাঁর অনেক ভক্ত উপস্থিত ছিলেন। হোটেলে কয়েক ঘণ্টা বিশ্রাম নেন। শনিবার সকাল ৯.৩০ থেকে ১০.৩০ পর্যন্ত মিট অ্যান্ড গ্রিট পর্ব ছিল। সকাল ১০.৩০ থেকে ১১.১৫ ভার্চুয়ালি নিজের মূর্তি উন্মেচন  করেন তিনি। এর পরেই ১১.১৫ মিনিটে হোটেল থেকে যুবভারতীতে রওনা দেন। দুপুর ১২টায় মাঠে পৌঁছনোর কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তার আগেই মাঠ ছাড়েন মেসি। মাঠ থেকে বেরিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে যান মেসি।


Share