Special Intensive Rivision

এসআইআর ঘিরে দুর্নীতির অভিযোগে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের, রাজ্যে আসছেন আরও ১২ জন স্পেশাল রোল অবজার্ভার

ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে রাজ্যজুড়ে অভিযোগ ও অশান্তির আবহ। দুর্নীতি রুখতে রাজ্যে আরও ১২ জন স্পেশাল রোল অবজার্ভার পাঠাল নির্বাচন কমিশন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১০:৩৯

সারা রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ। এরই মাঝে একাধিক জেলায় অভিযোগ উঠছে, নিয়ম মেনে কাজকর্ম করা হচ্ছে না। এই অভিযোগের সত্যতা যাচাই করতে অথবা কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কি না তা খতিয়ে দেখতে রাজ্যে আসছেন ১২ জন স্পেশাল রোল অবর্জাভার। রাজ্যে এসআইআর-এর কাজের ক্ষেত্রে দুর্নীতি এড়াতেই এই স্পেশাল রোল অবর্জাভারদের নিয়োগ করছে নির্বাচন কমিশন। এর আগেও এই কাজের জন্য আরোও ৪ জন স্পেশাল রোল অবর্জাভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

এসআইআর-এর কাজকর্ম নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ সামনে আসছে। নিত্যদিনই খবর পাওয়া যাচ্ছে বিএলও-এর অসুস্থতা বা বিএলও-এর মৃত্যুর। পাশাপাশি, বিভিন্ন জায়গায় দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ-অবরোধ করা হচ্ছে। এই সমস্ত ঘটনা এড়াতেই এবার আরোও ১২ জন স্পেশাল রোল অবর্জাভারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

জানা গিয়েছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের জয়েন্ট সেক্রেটারি আইএএস প্রসন আর এবং জয়েন্ট সেক্রেটারি আইএএস গয়া প্রসাদকে নিয়ে আসা হচ্ছে। এ ছাড়াও পার্সোনাল ট্রেনিং ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি পি বালা কিরণ, ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি রবি শঙ্কর, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের সেক্রেটারি রাঘব ল্যাঙ্গার, বিদ্যুৎ মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি শশাঙ্ক মিশ্র, পোর্ট এবং শিপিং বিভাগের সেক্রেটারি আইএএস ভেঙ্কটেশপতি, হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি ভি কিরণ গোপাল এবং সেক্রেটারি হর্ষ মঙ্গলা, ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি বিভাগের সিইও নন্দ কুমারম, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রির জয়েন্ট সেক্রেটারি দেবেশ দেভাল, এবং বাণিজ্য বিভাগের গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেসের অ্যাডিশনাল সিইও নিশিতা উপাধ্যায়কে পাঠানো হচ্ছে স্পেশাল রোল অবজার্ভার হিসেবে।

উল্লেখ্য, বর্তমানে এসআইআর রাজ্যের আলোচনার কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। এরই মাঝে এসআইআর সংক্রান্ত মামলার ফলাফল হিসেবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। এর পাশাপাশি, শুনানির ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র হিসেবে গ্রহণ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। শুনানির সময়ে ভোটারদের থেকে নথি নিলে তার রসিদও দিতে হবে। সব মিলিয়ে রাজ্যে এসআইআর পরিস্থিতি জটিল হচ্ছে। নতুন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেই আশা নির্বাচন কমিশনের।


Share