Special Intensive Rivision

পোর্টালে আপলোড করা নথিতে কড়া নজর কমিশনের, বৃহস্পতিবার থেকে শুরু ‘সুপার চেকিং'

বুধবার সুপার চেকিংয়ের কাজে যুক্ত মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ দেওয়া হয়। সুব্রত গুপ্তের সহায়তায় তাঁদের কাজের ধরণ, দায়িত্ব ও ব্যবহৃত যাবতীয় সরঞ্জাম সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়।

সিইও অফিস
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০৮:২০

কমিশনের পোর্টালে আপলোড হওয়া নথি আবার যাচাই করবে নির্বাচন কমিশন। এর নাম দেওয়া হয়েছে ‘সুপার চেকিং’।

রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানির কাজ। সেই প্রক্রিয়া এখন প্রায় শেষের পথে। তারই মধ্যে আগামী ২৯ জানুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে বিশেষ প্রক্রিয়া। শুনানিতে ভোটারদের যে যাবতীয় কাগজপত্র আপলোড হয়েছে তা ফের যাচাই করা হবে বলে বলে কমিশন সূত্রে খবর। সেই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে ‘সুপার চেকিং’।

টি-বোর্ডের অফিসে মোট ১০০ জন মাইক্রো অবজার্ভারকে নিয়ে এই সুপার চেকিংয়ের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। বুধবার সুপার চেকিংয়ের কাজে যুক্ত মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ দেওয়া হয়। কমিশনের বিশেষ তালিকা পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তাঁদের কাজের ধরণ, দায়িত্ব ও ব্যবহৃত যাবতীয় সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত ভাবে জানিয়ে দিয়েছেন।

প্রতিটি জেলায় এসআইআর-এর শুনানির পর সংশ্লিষ্টদের সমস্ত কাগজপত্র ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করা হচ্ছে। এ বার সেই আপলোড হওয়া নথিগুলিকেই সুপার চেকিংয়ের আওতায় আনা হবে বলেই জানা গিয়েছে।

এসআইআরের শুনানিতে আসা ভোটারদের ১৩টি নথি নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন। পরে শীর্ষ আদালতের নির্দেশে মাধ‍্যমিকের অ‍্যাডমিট কার্ডকেও মান্যতা দেওয়া হয়। কমিশন জানিয়েছে, নির্দিষ্ট করে দেওয়া নথির বাইরে গিয়ে যদি বিএলও-রা নথি আপলোড করে, তা ধরা পড়লে কড়া পদক্ষেপ করবে কমিশন। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখতেই এই বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।


Share