Gas Booking

গ্যাস বুকিংয়ে বড় স্বস্তি! গ্রামাঞ্চলে ৪৫ দিনের অপেক্ষা শেষ, এবার ২৫ দিন অন্তরই মিলবে রান্নার গ্যাস

সোমবার কেন্দ্র জানায়, গ্রামীণ এলাকায় আর ৪৫ দিন অপেক্ষা করতে হবে না। এ বার থেকে ২৫ দিন অন্তর রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করা যাবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০

পশ্চিম এশিয়ায় দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাব পড়েছে ভারতের জ্বালানি বাজারেও। এর জেরে রান্নার গ্যাসের পাশাপাশি তরল প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের কিছুটা স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিল। সোমবার কেন্দ্র জানায়, গ্রামীণ এলাকায় আর ৪৫ দিন অপেক্ষা করতে হবে না। এ বার থেকে ২৫ দিন অন্তর রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করা যাবে।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে সাময়িক ভাবে ভারতের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র এলপিজি গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা চালু করেছিল। সরকারের দাবি ছিল, গ্যাসের অতিরিক্ত মজুত এবং কালোবাজারি রুখতেই এই ব্যবস্থা। গত মার্চে মোদী সরকার গ্রামীণ এলাকায় এলপিজি সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান ৪৫ দিন এবং শহরাঞ্চলে ২৫ দিন নির্ধারণ করেছিল। এবার গ্রামীণ এলাকার ক্ষেত্রে সেই সময়সীমা কমিয়ে ২৫ দিন করা হল। তবে শহরাঞ্চলে বুকিংয়ের ব্যবধান অপরিবর্তিত রাখা হয়েছে। কেন্দ্রের বক্তব্য, গ্রাহকদের চাহিদা অনুযায়ী এলপিজি-র সরবরাহ স্বাভাবিক রাখতে এবং গ্যাসের জোগানে ভারসাম্য বজায় রাখতেই গ্রামীণ এলাকায় বুকিংয়ের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ গত ৭ জুন বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। বর্তমানে কলকাতায় ওই সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। তবে ১ সেপ্টেম্বর ফের দাম বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। সিলিন্ডার-পিছু ন'টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়ে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে দু'হাজার ৮৮২ টাকা। এর আগে আগস্টে দাম ছিল দু'হাজার ৮৭২ টাকা ৫০ পয়সা। তুলনায় দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম দু'হাজার ৭৩৮ টাকা এবং চেন্নাইয়ে দু'হাজার ৯০৬ টাকা।


Share