Food Safety

বউবাজারের পনির পট্টিতে পুরসভার অভিযান, দীর্ঘদিন ধরে খোয়া ক্ষীর এবং ছানার কেক মজুত করে রাখার অভিযোগ, ফুড লাইসেন্স না থাকায় দোকানদারকে নোটিস

বউবাজারের পনির পট্টিতে সোমবার অভিযান চালাল কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতর। একাধিক দোকানে আয়োডিনের সাহায্যে পনিরের গুণমান পরীক্ষা করা হয়।

পুরসভার নজরে বউবাজারের পনির পট্টি
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৬

কলকাতার বাজারে খাদ্যপণ্যের গুণমান যাচাইয়ে ফের অভিযান চালাল কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতর। ডেকার্স লেন, পার্ক স্ট্রিট-সহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চলেছে। এ বার পুরসভার নজরে বউবাজারের পনির পট্টি। সোমবার দুপুরে ওই এলাকায় একাধিক পনিরের দোকানে অভিযান চালান খাদ্য সুরক্ষা আধিকারিকরা।

অভিযানের মূল লক্ষ্য ছিল দোকানগুলিতে বিক্রি হওয়া পনিরের মান পরীক্ষা করা। এ জন্য আয়োডিন ব্যবহার করে পনিরের ঘনত্ব ও গুণমান যাচাই করা হয়। পুরসভা সূত্রে খবর, অধিকাংশ দোকানেই পনিরের মান নিয়ে বড় কোনও সমস্যা পাওয়া যায়নি।

তবে কয়েকটি দোকানে দীর্ঘদিন ধরে খোয়া ক্ষীর এবং ছানার কেক মজুত করে রাখার অভিযোগ সামনে আসে। পরীক্ষা করার পর ওই পুরনো খাদ্যসামগ্রীগুলির কয়েকটি নষ্ট করে দেন পুরসভার আধিকারিকরা। বাসি বা দীর্ঘদিনের পুরনো খাবার দোকানে না রাখার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্কও করা হয়েছে।

অভিযানে একটি দোকানে ফুড লাইসেন্স না থাকার বিষয়টিও ধরা পড়ে। ওই দোকানের মালিককে পুরসভার তরফে নোটিস দেওয়া হয়েছে।

খাদ্যপণ্যের গুণমান বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আগামী দিনেও শহরের বিভিন্ন বাজার ও খাবারের দোকানে এই ধরনের অভিযান চলবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।


Share