Special Intensive Revision

বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় এসআইআরের কাজে প্রভাব পড়েনি, নির্ধারিত সময়েই শেষ হবে এসআইআর, সিইওকে তলব করল দিল্লি

মঙ্গলবার থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এসআইআর সংক্রান্ত পর্যবেক্ষণের কাজ শুরু হতে চলেছে। সদ্য নিয়োগপ্রাপ্ত চার বিশেষ তালিকা পর্যবেক্ষকের নেতৃত্বে এই পর্যবেক্ষণ চলবে। তাঁদের সঙ্গে থাকবেন মোট ৪০ জন মাইক্রো অবজারভার।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৮:১৭

রাজ‍্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ নির্ধারিত সময়ের মধ‍্যেই শেষ হবে। রাজ‍্যে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও তা এসআইআর-এর কাজে কোনও প্রভাব পড়েনি। কমিশন সূত্রের খবর, সিইও দফতরে নিয়মিত রিপোর্ট জমা পড়েছে। তা ভিত্তিতেই কমিশন মনে করছে, নির্ধারিত সময়ের মধ‍্যেই এসআইআর প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে। সোমবার সেই মর্মে নির্বাচন কমিশন রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ৫ জানুয়ারি থেকে নিয়মিত ভাবে জেলা নির্বাচনী আধিকারিকেরা এসআইআর সংক্রান্ত রিপোর্ট রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠিয়েছে। সেই রিপোর্ট নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কমিশন সূত্র্রের খবর, গত কয়েক সপ্তাহ ধরে রাজ‍্যের বিভিন্ন প্রান্তে যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে, তা সেই রিপোর্টের মধ‍্যে উল্লেখ করা হয়েছে। রাজ‍্যের শুনানি ঘিরে যেখানে যেখানে গন্ডগোলের ঘটনা ঘটেছে, তার বিস্তারিত বিবরণ তুলে তাতে তুলে ধরা হয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখেছে নির্বাচন কমিশন। তা দেখার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগারওয়ালকে দিল্লির নির্বাচন কমিশনে ডেকে পাঠানো হয়েছে।

সোমবার দিল্লিতে দীর্ঘ ক্ষণ বৈঠক হয়েছে। আগামী দিনে কীভাবে রাজ্যে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে এসআইআর-এর কাজ সম্পন্ন করা যায়, সে বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা, বুথ পরিচালনা এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ডিইও, ইআরও, এইআরও এবং বিএলওরা কাজ করেছেন কি না, কাজে কোনও গাফিলতি রয়েছে কি না, সব কিছুই এই পর্যবেক্ষণের আওতায় আসবে বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, এই ক্ষেত্রে কারও দায়িত্ব পালনে অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

কমিশন সূত্রে এ-ও জানা গিয়েছে, এসআইআর-এর জন্য এখনও পর্যন্ত যাঁদের শুনানিতে ডাকা হয়েছে এবং শুনানির সময় তাঁরা যে নথিপত্র জমা দিয়েছেন, সেগুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করা হবে। রাজ‍্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগারওয়াল নিজে এই গোটা প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করবেন।

এরই মধ্যে মঙ্গলবার থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এসআইআর সংক্রান্ত পর্যবেক্ষণের কাজ শুরু হতে চলেছে। সদ্য নিয়োগপ্রাপ্ত চার বিশেষ তালিকা পর্যবেক্ষকের নেতৃত্বে এই পর্যবেক্ষণ চলবে। তাঁদের সঙ্গে থাকবেন মোট ৪০ জন মাইক্রো অবজারভার।


Share