Arijit Singh

‘এখানেই থামলাম,’ প্রিয় গায়ক কি অবসরের পথে? আচমকা বড় ঘোষণা অরিজিৎ সিংহের, জল্পনা শুরু

প্রজাতন্ত্র দিবসে সলমন খান অভিনীত ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতে অরিজিতের গাওয়া ‘মাতৃভূমি’ গানটি মুক্তি পায়। আর তাঁর পরের দিনেই এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। তিনি জানিয়েছেন, তাঁর হাতে এই মুহূর্তে যে সব কাজ রয়েছে তা সম্পূর্ণ করবেন। তা শেষ হলে তিনি আর কোনও ছবির কাজ নেবেন না।

গায়ক অরিজিৎ সিংহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১০:৩৩

খাঁটি কণ্ঠস্বর, নির্ভেজাল সুর। একবার শুনলে শ্রোতার মনে দাগ রয়ে যেতে বাধ্য। আচমকাই বড় ঘোষণা করে বসলেন গায়ক অরিজিৎ সিংহ। তিনি আর কোনও ছবিতে প্লেব্যাক করবেন না। তবে কি অরিজিৎ অবসরের পথে হাঁটতে চলেছেন? মঙ্গলবার সন্ধ্যায় তাঁর সমাজমাধ্যমের পোস্টের পরে এমনই জল্পনা শুরু হয়েছে।

এ দিন সন্ধ্যায় সমাজমাধ্যমে একটি পোস্টে লিখেছেন, “নতুন বছরের সকলকে শুভেচ্ছা। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও কাজ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম।” আচমকা অরিজিতের এমন ঘোষণায় তাঁর অনুরাগীরা স্তম্ভিত। তবে ঠিক কী কারণে এমন ঘোষণা করলেন ‘প্রিয়’ গায়ক, তা নিয়ে তিনি বলেননি। সব শেষে তিনি লিখেছেন, “এই সফর সত্যিই সুন্দর ছিল।”

ছবিতে নায়ক-নায়িকা যেই হোন না কেন, তাঁর গাওয়া একটি গান না হলে চলে না। তাই দিনে দিনে অগণিত শ্রোতার প্রিয় হয়ে উঠেছিলেন অরিজিৎ সিংহ। কিন্তু কেরিয়ারের শিখরে পৌঁছে আচমকাই ছবিতে গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন অরিজিৎ সিংহ। কোনও কোনও সূত্রে আবার খবর, সাময়িক বিরতি নিচ্ছেন গায়ক অরিজিৎ। গলার বিশ্রামের জন্যই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। যদিও এমন কিছু উল্লেখ করেননি গায়ক।

কিছু দিন আগেই ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে গান গেয়েছেন তিনি। ‘ক্ষণে গোরাচাঁদ’ নামে সেই গান জনপ্রিয় হয়েছে শ্রোতা মহলে। এর পাশাপাশি, সম্প্রতি বেশ কিছু হিন্দি ছবিতেও তাঁর গান মুক্তি পেয়েছে। ‘ধুরন্ধর’-এ ‘গেহরা হুয়া’ গানটিও শ্রোতাদের মুখে মুখে ফিরছে। আসন্ন ছবি ‘ও রোমিয়ো’-তেও রয়েছে তাঁর গান। প্রজাতন্ত্র দিবসে সলমন খান অভিনীত ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতে অরিজিতের গাওয়া ‘মাতৃভূমি’ গানটি মুক্তি পায়। আর তাঁর পরের দিনেই এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। তিনি জানিয়েছেন, তাঁর হাতে এই মুহূর্তে যে সব কাজ রয়েছে তা সম্পূর্ণ করবেন। তা শেষ হলে তিনি আর কোনও ছবির কাজ নেবেন না।

সমাজমাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানানোর পরে কার্যত আবেগের বিস্ফোরণ ঘটেছে। অরিজিতের সিদ্ধান্তে কেউ স্তম্ভিত, আবার কেউ বাকরুদ্ধ। তাঁকে ছাড়া চলবে কী করে, ভেবে কূল পাচ্ছেন না অনুরাগীরা।

অরিজিতের এক অনুরাগী লেখেন, “টেস্ট ক্রিকেট থেকে বিরাটের অবসরে যতটা আঘাত পেয়েছিলাম, তেমনই আঘাত পেলাম।” অন্য একজন অনুরাগী লেখেন, “আমি চাই এটা ভুয়ো খবর হোক।” জিয়াগঞ্জের অরিজিতের জন্য বাঙালি অনুরাগীরাও ব্যাকুল হয়ে পড়েছেন। একজন লেখেন, “কেন দাদা? কী হল তোমার?” অন্য আর একজন লেখেন, “আমি মেনে নিতে পারছি না। সিদ্ধান্ত বদলাও, ফিরে এসো।”

কেন এমন সিদ্ধান্ত, তা খোলসা করে না বললেও অরিজিৎ অনুরাগীদের প্রশ্নের উত্তরে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। একটি পোস্টে লেখেন, “এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ শুধু একটি নয়। একাধিক কারণ রয়েছে। আমি অনেক দিন ধরেই এটা করার চেষ্টা করছিলাম। অবশেষে সাহসে কুলিয়ে উঠতে পেরেছি। একটি কারণ হল- খুব তাড়াতাড়ি একঘেয়ে লাগতে শুরু করে আমার। যে কারণে একটি গানের ব্যবস্থাপনাও পাল্টাতে থাকি আমি। সেই মতো স্টেজে পারফর্ম করি। তাই বলা যেতে পারে, একঘেয়েমি এসে যায় তাড়াতাড়ি।” আরও এক অনুরাগীর প্রশ্নের উত্তরে অরিজিৎ লিখেছেন, “আর একটি কারণ হল, আমি চাই কোনও গায়ক আসুন। আমাকে সত্যিকারের অনুপ্রেরণা জোগান।”


Share