Local Train

নিত্যযাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহ ডিভিশনে নতুন এসি লোকাল, বাড়ছে একাধিক শাখায় ট্রেন পরিষেবা

বারাসত শাখায় চালু হচ্ছে নতুন এসি লোকাল, পাশাপাশি ডায়মন্ড হারবার, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর ও কৃষ্ণনগর-সহ একাধিক শাখায় নতুন ট্রেন এবং বিদ্যমান পরিষেবার সম্প্রসারণ করা হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শিয়ালদহ
  • শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০৮:২১

শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য সুখবর।আরও একগুচ্ছ নতুন ট্রেন পরিষেবার ঘোষণা করল রেল। বারাসত শাখায় এবার নতুন এসি লোকাল ট্রেন চালু হচ্ছে। পাশাপাশি ডায়মন্ড হারবার, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, কৃষ্ণনগর-সহ একাধিক শাখায় নতুন ট্রেন চালু ও বিদ্যমান পরিষেবার সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম। নতুন ঘোষণায় খুশি নিত্যযাত্রীরা।

রেলের তরফে জানানো হয়েছে, নতুন এসি লোকালটি অফিস টাইমের যাত্রীদের কথা মাথায় রেখেই চালানো হবে। ট্রেনটি সকাল ১০টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। সকাল ১১টা ১৮ মিনিটে বারাসতে পৌঁছোবে। ফেরার পথে বারাসত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ১৭ মিনিটে শিয়ালদহে ফিরবে। এই ট্রেনটি বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়াবে। রেলের দাবি, ক্রমবর্ধমান যাত্রী চাপ কমাতেই এই পরিষেবা চালু করা হচ্ছে।

এ ছাড়া বারাসাত-হাসনাবাদ শাখার ৩৩৩১৯ নম্বর লোকালের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ট্রেনটি বারাসতের বদলে বিকেল ৫টা ২৪ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হাসনাবাদ পৌঁছোবে। এর ফলে মেট্রো রেলের সঙ্গে যাত্রীদের সংযোগ আরও সহজ হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বারাসাত-দমদম ক্যান্টনমেন্টের মধ্যে নতুন লোকাল ট্রেনও চালু হচ্ছে।

শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখাতেও পরিষেবা বাড়ছে। নতুন একটি ট্রেন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। রাত ৮টা ১ মিনিটে ডায়মন্ড হারবার পৌঁছোবে। এছাড়া রাত ৮টা ২০ মিনিটে ডায়মন্ড হারবার থেকে সোনারপুরগামী নতুন ট্রেন চালু হবে। যা রাত ৯টা ১৪ মিনিটে সোনারপুরে পৌঁছোবে। বর্তমানে স্পেশাল হিসেবে চলা সোনারপুর-ডায়মন্ড হারবার এবং ডায়মন্ড হারবার-শিয়ালদহ ট্রেন দুটিকেও নিয়মিত পরিষেবার আওতায় আনা হচ্ছে।

এ দিকে ৩৪৪২০ নম্বর শিয়ালদহ-সোনারপুর লোকালের পরিষেবা ক্যানিং পর্যন্ত বাড়ানো হয়েছে। ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। পাশাপাশি ক্যানিং থেকে সকাল ১১টা ৩০ মিনিটে নতুন একটি লোকাল ট্রেন চালু হবে।

বারুইপুর-লক্ষ্মীকান্তপুর শাখাতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। শিয়ালদহ-বারুইপুর লোকাল এবার লক্ষ্মীকান্তপুর পর্যন্ত চলবে। ট্রেনটি সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রাত ৯টা ২৭ মিনিটে লক্ষ্মীকান্তপুর পৌঁছোবে। অন্য দিকে, বারুইপুর-সোনারপুর পরিষেবাও বাড়িয়ে লক্ষ্মীকান্তপুর থেকে রাত ৯টা ৩৫ মিনিটে চালু করা হবে। ট্রেনটি রাত ১০টা ৩৮ মিনিটে সোনারপুর পৌঁছোবে।

শিয়ালদহ-কৃষ্ণনগর শাখাতেও যাত্রীদের সুবিধার জন্য পরিষেবা সম্প্রসারণ করা হয়েছে। ৩১৬২৯ নম্বর শিয়ালদহ-রানাঘাট লোকাল এবার কৃষ্ণনগর পর্যন্ত যাবে। ট্রেনটি রাত ১০টা ৮ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। রাত ১২টা ২৩ মিনিটে কৃষ্ণনগরে পৌঁছোবে। পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হচ্ছে। ফেরার পথে ৩১৬১৪ নম্বর ট্রেনটি রানাঘাটের পরিবর্তে ভোর ৫টা ৩৪ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়বে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।

এছাড়া রানাঘাট-শান্তিপুর-আমঘাটা রুটেও পরিষেবা বাড়ানো হয়েছে। ৩১৫৮৫ নম্বর রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর লোকালকে আমঘাটা পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। রেলের আশা, এর ফলে দিগনগর-সহ আশপাশের এলাকার যাত্রীরা আরও বেশি সুবিধা পাবেন।


Share