Special Intensive Revision

‘যত বার ডাকবে তত বার আসব,’ এসআইআর-এর শুনানির পরে কমিশনের প্রশংসা করে বললেন তারকা ক্রিকেটার মহম্মদ সামি

সামি জন্মসূত্রে, উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও বহুদিন ধরে ক্রিকেট খেলার সুবাদে কলকাতায় থাকেন। তিনি কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার। মঙ্গলবার সকালে মহম্মদ সামি বিক্রমগড়ের কাটজুনগরে স্বর্ণময়ী বিদ্যাপীঠে শুনানিকেন্দ্রে পৌঁছে যান। সেখানে নির্বাচন কমিশনের আধিকারিকেরা তাঁর নথিপত্র যাচাই করেছেন।

শুনানিকেন্দ্রে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ সামি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৯:২২

যত বার নির্বাচন কমিশন ডাকবে, তত বার আসব। গোটা শুনানি প্রক্রিয়ায় তাঁর কোনও ধরনের ‘হয়রানি’ বা ‘অসুবিধা’ হয়নি। শুনানিকেন্দ্র থেকে এমনটাই জানিয়ে দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ সামি। তাঁর কথায়, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই তালিকা সংশোধনের প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন সামি। সোমবার যাদবপুরের বিক্রমগড় এলাকার শুনানিকেন্দ্রে গিয়েছিলেন তিনি।

রাজ্যের শাসকদল তৃণমূল যখন এসআইআরের ফলে সাধারণ মানুষের ‘হয়রানি’ হচ্ছে বলে অভিযোগ তুলছে, তখন ভারতীয় দলের তারকা ক্রিকেটারের গলায় অন্য সুর শোনা গেল। তারকা ক্রিকেটার মনে করেছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) একটি ভালো বিষয়। ভোটার তালিকায় সংশোধন অবশ্যই প্রয়োজন রয়েছে। শুনানির পর বেরিয়ে ক্রিকেটার জানিয়েছেন, গোটা প্রক্রিয়ায় তাঁকে কোনও অসুবিধায় পড়তে হয়নি। সকলেই তাঁকে সাধ্যমতো সাহায্য করেছেন। তিনি বলেন, “তাই শুনানিতে ডাক পেলে উপেক্ষা করা উচিত নয়।” তিনি এ-ও জানান, ভবিষ্যতে যদি তাঁকে আবার ডাকা হয়, আবারও তিনি যাবেন। বলেন, “আমাকে যত বার ডাকবে, তত বার আসব।”

কমিশন সূত্রের খবর, তিনি যে এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন, তাতে তথ‍্যগত অসঙ্গতি ধরা পড়েছিল। তিনি ফর্মের ওপরের কলাম পূর্ণ করেন কিন্তু নীচের দিকের ‘লিঙ্কেজ কলাম’ অসম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন। সেখানে নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ, আধার নম্বর লিখলেও বাবা ও মায়ের এপিক নম্বর লেখেননি। অসঙ্গতি থাকার কারণে তাঁকে নোটিস পাঠিয়ে শুনানির জন‍্য ডাকা হয়। তাই নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় নথি নিয়ে শুনানিকেন্দ্রে আসতে বলা হয়। 

সামি জানিয়েছিলেন, তিনি সেই সময় বাংলার হয়ে রাজকোটে বিজয় হাজারে ট্রফি খেলতে ব‍্যস্ত রয়েছেন। তাই ফেরার পরেই শুনানিকেন্দ্রে যেতে পারবেন। তিনি জন্মসূত্রে, উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও বহুদিন ধরে ক্রিকেট খেলার সুবাদে কলকাতায় থাকেন। তিনি কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার। মঙ্গলবার সকালে মহম্মদ সামি বিক্রমগড়ের কাটজুনগরে স্বর্ণময়ী বিদ্যাপীঠে শুনানিকেন্দ্রে পৌঁছে যান। সেখানে নির্বাচন কমিশনের আধিকারিকেরা তাঁর নথিপত্র যাচাই করেছেন।


Share