Special Intensive Revision

দিল্লির পরে কলকাতা, রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে তৃণমূলের অন্যতম দাবি ছিল, এসআইআরের শুনানিতে বিএলএদের প্রবেশাধিকার দিতে হবে। না-দিলে তা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে জানাতে হবে। দলের সাধারণ সম্পাদকের এ-ও দাবি ছিল, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’তে চিহ্নিত করা এক কোটি ৩৬ লক্ষ ভোটারের তালিকা প্রকাশ করতে হবে।

সিইওর সঙ্গে সাক্ষাৎ করতে চান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১১:০১

দিল্লিতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ বার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে চান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিইও মনোজকুমার আগরওয়ালের কাছ থেকে সময় চেয়েছেন তিনি। সেই মর্মে ইমেল মারফত চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

তৃণমূল সূত্রের খবর, আগামী ২৭ জানুয়ারি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মনোজকুমার আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চিঠি পাঠিয়েছে কম‍্যাক স্ট্রিট। মোট ১০ জনের জন‍্য অনুমতি চাওয়া হয়েছে। ওই দিন সাক্ষাতের সময় দেওয়া হবে ধরে নিয়েই দলের সাধারণ সম্পাদকের কর্মসূচী তৈরি করা হচ্ছে।

এর আগে একাধিক দাবিদাওয়া নিয়ে দিল্লিতে নির্বাচন সদনে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বাইরে বেরিয়ে এমনটাই সেদিন দাবি করেছিলেন অভিষেক। তাঁর অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশনার তাঁর দিকে আঙুল তুলে কথা বলেছিলেন। তিনি নাকি তার পাল্টা জবাবে বলেন, “আঙুল নামিয়ে কথা বলুন। আপনি মনোনীত। আমি মানুষের দ্বারা নির্বাচিত। আপনি দায়বদ্ধ প্রভুদের কাছে। আমি দায়বদ্ধ মানুষের কাছে।”

সেই দিন তৃণমূলের দাবি ছিল, বিএলএদের শুনানিকেন্দ্রে প্রবেশাধিকার দিতে হবে। যদি না হয়, তাহলে বিজ্ঞপ্তি জারি করে করে জানানো হোক। তথ‍্যগত অসঙ্গতি বা লজিকাল ডিসক্রিপেন্সি যাদের রয়েছে, মোট ১ কোটি ৩৮ লক্ষ তালিকা প্রকাশ করা হোক। তা না করায় তৃণমূল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সোমবার সেই মামলার শুনানি ছিল দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল‍্য বাগচীর বেঞ্চে। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তথ‍্যগত অসঙ্গতি যাদের রয়েছে, সেই সমস্ত ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে। ব্লক, পঞ্চায়েত এবং ওয়ার্ড অফিসে সেই তালিকা টাঙিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্ট এ-ও নির্দেশ দেয়, রাজ্য সরকারকে পর্যাপ্ত পরিমাণে কর্মী দিতে হবে, যাঁরা এমন ভোটারদের অসুবিধার কথা শুনবেন।

সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পরেই উল্লাসিত হয়েছে শাসকদল। বারাসতের সভা থেকে অভিষেক বলেন, “যাঁরা রাজ‍্যের মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছিল, তাঁদের গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট।”

অভিষেকের দফতর সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই সিইও দফতরে ইমেল পাঠিয়েছিলেন। তবে সুপ্রিম কোর্টের এই সাফল‍্যকে বুথ স্তরে নিয়ে যেতে চায় তৃণমূল। সেই মর্মে ২২ জানুয়ারি ফের ভার্চুয়ালি বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে দলীয় নেতা, কর্মী এবং বিএলএ’রা আগামী কয়েক সপ্তাহ কী কাজ করবেন, তা তিনি স্থির করে দিতে পারেন। ওই বৈঠকে দলের এক লক্ষ সংগঠকের উপস্থিত থাকার কথা রয়েছে।


Share