Special Intensive Rivision

নোটিশ থেকে নথি আপলোড, এসআইআর শুনানিতে সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, যে সমস্ত নোটিশ এখনোও তৈরী করা হয়নি, সেগুলি আগামীকাল অর্থাৎ ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। যে নোটিশগুলো এখনও জারি করা হয়নি, সেগুলো অবশ্যই ১লা ফেব্রুয়ারী বিকাল পাঁচটার মধ্যে জারি করতে হবে। পাশাপাশি, বিএলও-দের দ্বারা নোটিশ জারির প্রমাণ আপলোড করতে হবে।

সিইও অফিস
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১০:০৪

রাজ্য জুড়ে চলছে এসআইআর-এর শুনানির প্রক্রিয়া। এরই মাঝে শুক্রবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক মনোজকুমার আগরওয়াল বৈঠক করলেন। সেই বৈঠকে স্পেশাল রোল অবজ়ার্ভার সুব্রত গুপ্ত-সহ প্রত্যেক ডিইও ও ইআরও-রা উপস্থিত ছিলেন। এদিনের এই বৈঠকে এসআইআর-এর শুনানির বিষয়ে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হল।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, যে সমস্ত নোটিশ এখনোও তৈরী করা হয়নি, সেগুলি আগামীকাল অর্থাৎ ৩১ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। যে নোটিশগুলো এখনও জারি করা হয়নি, সেগুলো অবশ্যই ১লা ফেব্রুয়ারী বিকাল পাঁচটার মধ্যে জারি করতে হবে। পাশাপাশি, বিএলও-দের দ্বারা নোটিশ জারির প্রমাণ আপলোড করতে হবে। শুনানির নথি আপলোড-সমেত সমস্ত শুনানির কাজ অগ্রাধিকার ভিত্তিতে পরবর্তী সাত দিনের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। এছাড়াও যে শুনানিগুলি আগে সম্পন্ন হয়েছে, তাদের কাছ থেকে সংগৃহীত নথিগুলো অবশ্যই ২রা ফেব্রুয়ারী-এর মধ্যে আপলোড করতে হবে। আগামী ২-৩ দিনের মধ্যে সমস্ত মাইক্রো অবজার্ভারকে শুনানি কেন্দ্র থেকে সরিয়ে রোল অবজার্ভারদের কাজে সহায়তা করার জন্য নিযুক্ত করতে হবে।

পাশাপাশি, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সিস্টেমে আপলোড হওয়া সমস্ত নথিপত্র, এমও এবং আরও-দের দেওয়া ইনপুট, পাশাপাশি ইআরও ও এইআরও-দের দ্বারা সম্পন্ন নিষ্পত্তির ডিজিটাল রেকর্ড ডিইও, রোল পর্যবেক্ষক, বিশেষ রোল পর্যবেক্ষক এবং সিইও কর্তৃক ‘সুপার চেকিং’-এর আওতায় আনা হবে। কমিশন সূত্রে খবর, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়ম মেনে কাজ হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আপাতত জানা যাচ্ছে, শুনানির কাজ যে গতিতে এগোচ্ছে তার ফলে নির্বাচন কমিশন এই কাজের সময়সীমা বাড়ানোর কথা ভাবছে না।


Share