School Service Commission

অবশেষে গ্রুপ-সি এবং ডি পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল কমিশন, মার্চে হবে পরীক্ষা

এবারের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও ডি-এর পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা অনেকটাই বেশি। ইতিমধ্যে প্রায় ১৬ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী আবেদন করেছে। তবে শূন্যপদের সংখ্যা তুলনায় অনেক কম। গ্রুপ সি-তে প্রায় ৩,০০০ এবং গ্রুপ ডি-তে প্রায় পাঁচ হাজার ৫০০ জন, মোট মিলিয়ে শূন্যপদ আট ৫০০ জন।

বিকাশ ভবন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ০১:১৪

দীর্ঘ আইনি টানাপড়েন, চাকরি বাতিলের ধাক্কা ও রাজ্যজুড়ে চলা প্রতিবাদের আবহের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন নতুন করে পরীক্ষা নেওয়ার পথে হাঁটল। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, আগামী মার্চ মাসেই স্কুল স্তরের গ্রুপ সি ও ডি-এর পদে লিখিত পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ মার্চ গ্রুপ সি এবং ৮ মার্চ গ্রুপ ডি-র পরীক্ষা নেওয়া হবে।

এবারের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও ডি-এর পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা অনেকটাই বেশি। ইতিমধ্যে প্রায় ১৬ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী আবেদন করেছে। তবে শূন্যপদের সংখ্যা তুলনায় অনেক কম। গ্রুপ সি-তে প্রায় ৩,০০০ এবং গ্রুপ ডি-তে প্রায় পাঁচ হাজার ৫০০ জন, মোট মিলিয়ে শূন্যপদ আট ৫০০ জন।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে এক ধাক্কায় ২৬ হাজার চাকরি বাতিল হয়ে যায়। সেই তালিকায় স্কুলের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরাও ছিলেন। পরে যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরি বহাল রেখে তাদের নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হলেও গ্রুপ সি ও ডি কর্মীদের সেই সুযোগ দেওয়া হয়নি। এই সিদ্ধান্ত ঘিরে রাজ্য রাজনীতি ও রাজপথে ক্ষোভ ও আন্দোলন দীর্ঘদিন ধরে চলেছে।

আদালতের নির্দেশে পুরো প্যানেল বাতিল হওয়ার পর রাজ্য সরকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেও, সেই উদ্যোগে আদালতের সবুজ সংকেত মেলেনি। এই আবহেই এসএসসি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয়।

কমিশন সূত্রের খবর, গ্রুপ সি-র লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের, আর গ্রুপ ডি-র পরীক্ষা হবে ৪০ নম্বরের। ২০১৬ যেখানে যেখানে গ্রুপ সি ও ডি মিলিয়ে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ১৮ লক্ষ, সেখানে এবার সেই সংখ্যা প্রায় ১৬ লক্ষে কমে দাঁড়িয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় হাজার হাজার চাকরি বাতিল হওয়ার পর প্রশ্ন উঠেছিল, দুর্নীতিগ্রস্তদের আলাদা করে চিহ্নিত করা গেল না কেন, কেন যোগ্যরাও একই শাস্তির মুখে পড়লেন। সেই প্রশ্ন তুলে চাকরি হারানো কর্মীরা পথে নেমেছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সম্প্রতি এসএসসি ২০১৬ সালের ‘দাগি’ হিসেবে চিহ্নিতদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষা কর্মীর সংখ্যা তিন হাজার ৫১২ জন।

সব মিলিয়ে, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার কেন্দ্রে এসেছে। চাকরিপ্রার্থীদের কাছে এটি যেমন আশার নতুন দরজা খুলছে, তেমনই অতীতের ক্ষত যে এখনও পুরোপুরি সারেনি, সেই বিষয়ও নিয়োগ প্রক্রিয়া আবার স্পষ্ট করে দিচ্ছে।


Share