ED Director's Visit

রাজ‍্যে আসছেন ইডির ডিরেক্টর রাজীব, কথা বলতে পারেন আইপ‍্যাকের অফিসে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে

রাজ‍্যে চলমান ইডির মামলাগুলির কী অবস্থা রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। ইডি আধিকারিকেরা কোথাও তল্লাশি অভিযানে গেলে তাঁদের এবং ইডি দফতরের নিরাপত্তার বিষয়টিও দেখবেন ইডির ডিরেক্টর।

ইডির ডিরেক্টর রাহুল নবীন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ০৮:৪১

রাজ‍্যে আসছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। আগামীকাল তাঁর রাজ্যে আসার কথা রয়েছে। ইডি সূত্রের খবর, গত ৮ জানুয়ারি তৃণমূল ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার এবং সংস্থার দফতরে যে ইডির আধিকারিকেরা তল্লাশি অভিযানে গিয়েছিলেন, তাঁদের সঙ্গে কথা বলতে পারেন তিনি। এ ছাড়াও, সিজিও কমপ্লেক্সে কলকাতার ইডির আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে।

ইডি সূত্রের খবর, বৃহস্পতিবার সকালেই তিনি কলকাতায় চলে আসবেন। বিমানবন্দর থেকে যাবেন সিজিও কমপ্লেক্সে। ওই দিন তিনি আইপ‍্যাকের অফিসে তল্লাশি অভিযানে নামা আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। ঘটনার দিন ঠিক কী হয়েছিল তা তিনি তাঁদের কাছ থেকেই শুনবেন।

এ ছাড়াও, রাজ‍্যে চলমান ইডির মামলাগুলির কী অবস্থা রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। ইডি আধিকারিকেরা কোথাও তল্লাশি অভিযানে গেলে তাঁদের এবং ইডি দফতরের নিরাপত্তার বিষয়টিও দেখবেন ইডির ডিরেক্টর।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি আইপ‍্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের সংস্থার দফতরে কয়লা পাচারকান্ডে আর্থিক দুর্নীতির অভিযোগে তল্লাশি অভিযান চালায়। ওই দিন সকাল থেকে সেখানে তল্লাশি অভিযানে নামেন ইডির আধিকারিকেরা। তার কিছু ক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঢুকে পড়েন। লাউডন স্ট্রিটের বাড়িতে যান। কিছু ফাইল এবং ল‍্যাপটপ নিয়ে বেরিয়ে আসেন।

এর পরে সল্টলেকের আইপ‍্যাকের অফিসেও যান মুখ্যমন্ত্রী। দু’ক্ষেত্রেই পুলিশের শীর্ষ আধিকারিকরা ছিলেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ইডির আধিকারিকেরা নথিপত্র নিয়ে পালিয়ে গিয়েছে। পাল্টা অভিযোগ করে ইডিও। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী অপরাধ সংক্রান্ত ফাইল নিয়ে চলে গিয়েছেন।

সেই মামলা গড়ায় আদালতে। কিন্তু হাই কোর্টে প্রথম শুনানির দিন হট্টগোলের জেরে শুনানি স্থগিত হয়ে যায়। পরের শুনানিতে এজলাসে অবাঞ্ছিত প্রবেশ বন্ধ করতে বাধ্য হয় আদালত। এরই মাঝে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানো হোক বলে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মুখ্যমন্ত্রী নিজের ক্ষমতার অপব্যবহার করে তদন্তে বাধা দিয়েছে। ইডি হাই কোর্টে জানিয়ে দেয় তাঁরা কোনও নথি ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করতে পারেননি। মুখ্যমন্ত্রী তা নিয়ে চলে গিয়েছেন। এর ফলে তৃণমূলের করা মামলার নিষ্পত্তি সেই দিনই করে দেওয়া হয়েছে।

গত শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সমস্ত ইলেকট্রনিক্স সরঞ্জাম সংরক্ষণ করতে হবে। ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। এ ছাড়াও, ইডি আধিকারিকদের বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত পুলিশ করতে পারবে না। এ বার সেই আবহেই রাজ্যে আসছেন ইডির প্রধান।


Share