Cylinder Price Hike

উৎসবের মরশুমে ফের আগুন গ্যাসের দামে! ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারে বাড়ল ন'টাকা ৫০ পয়সা, বাড়তে পারে হোটেল-রেস্তরাঁর খাবারের দাম

তার আগেই মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকে বাড়ল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। সিলিন্ডারপিছু ন'টাকা ৫০ পয়সা করে দাম বাড়ানো হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫

উৎসবের মরশুম শুরুর আগেই ফের আগুন গ্যাসের দামে। দুর্গাপুজোর বাকি আর মাত্র ৪৬ দিন। তার আগেই মঙ্গলবার, ১ সেপ্টেম্বর থেকে বাড়ল ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। সিলিন্ডারপিছু ন'টাকা ৫০ পয়সা করে দাম বাড়ানো হয়েছে। ফলে নতুন দামে আরও বাড়ল ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের খরচ। গত দু’মাস ধরে অবশ্য বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল। কিন্তু উৎসবের মরশুমে মাসের প্রথম দিনেই ফের দাম বাড়ানো হল। তবে সাধারণ গ্রাহকদের জন্য স্বস্তির খবর, গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি। অর্থাৎ, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত থাকছে।

একসময় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দু'হাজার টাকার নিচে থাকলেও, লাগাতার মূল্যবৃদ্ধিতে তা বেড়ে তিন হাজার ২৫৫.৫০ টাকায় পৌঁছেছিল। পরে হরমুজ প্রণালীতে পরিস্থিতির উন্নতি শুরু হতেই কেন্দ্র বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেয়। শুধু আগস্ট মাসেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল ২০৫ টাকা। সেই তুলনায় এ বারের মূল্যবৃদ্ধির হার অনেকটাই কম। মাসের প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন শহরে সিলিন্ডারপিছু সাড়ে ন'টাকা করে বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম।

অগস্টে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল দু'হাজার ৮৭২.৫০ টাকা। ১ সেপ্টেম্বর দাম বাড়ার পর সেই সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে দু'হাজার ৮৮২ টাকা। দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম দু'হাজার ৭৩৮ টাকা, আর চেন্নাইয়ে দু'হাজার ৯০৬ টাকা। মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১৯ কেজির এই রান্নার গ্যাস ব্যবহার করা হয়। ইরান সংকটের জেরে গত কয়েক মাসে একাধিক দফায় দাম বাড়ায় হোটেল-রেস্তরাঁগুলির খরচও বেড়েছিল। উৎসবের মরশুমে সাধারণ মানুষের হোটেল-রেস্তরাঁয় খাওয়ার প্রবণতা বাড়ে। ফলে বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব খাবারের দামেও পড়তে পারে। ব্যবসায়ীরা হোটেল-রেস্তরাঁয় খাবারের দাম বাড়ার আশঙ্কা করছেন।

প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার উপরই মূলত গ্যাসের দাম নির্ধারিত হয়। সেই অনুযায়ী কখনও দাম বাড়ে, আবার কখনও কমে। এর আগে হরমুজ প্রণালী বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম টানা বেড়েছিল। যদিও বর্তমানে হরমুজ প্রণালীর উপর ভারতের নির্ভরতা কিছুটা কমেছে। অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে ভারত একাধিক দেশের সঙ্গে বাণিজ্য করছে। তবে মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই কারণেই সেপ্টেম্বরের শুরুতে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।


Share