Lionel Messi

হাজার হাজার টাকা খরচ করেও রাজপুত্রের চোখের দেখা মেলেনি, ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ, ভাঙচুর

নির্ধারিত সময়ে যুবভারতী স্টেডিয়ামে ফুটবল রাজপুত্র পৌঁছোলেও নির্দিষ্ট সময়ের আগেই বেরিয়ে যেতে হয় লিওনেল মেসিকে। প্রশাসনিক ব্যর্থতার ফলে ভিড় সামাল দিতে কার্যত নাকানি চোবানি খেতে হয়েছে পুলিশকে। গ্যালারির চেয়ার ভাঙচুর করা থেকে শুরু করে বোতল ছোড়াছুড়িও পর্যন্ত হয়েছে। পুলিশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়েছে ক্ষুব্ধ জনতা।

লিওনেল মেসি
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ০২:৩৭

ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য যুবভারতী স্টেডিয়ামে কাকভোর থেকে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। তাঁদের সকলের কাছে ছিল টিকিট। টিকিট কিনতে খরচ করেছিলেন হাজার হাজার টাকা। কেউ ১০ হাজার আবার কেউ ১৪ হাজার টাকা, আরার কেউ এক লক্ষ টাকা ব্যায় করেছিলেন। কিন্তু সেই সমস্ত দর্শকদের অভিযোগ, তাঁরা শুধুমাত্র জায়েন্ট স্ক্রীনে মেসিকে দেখেছেন। দুর থেকেও দেখতে পাননি। মাঠের মধ্যে তাঁকে ঘিরে রয়েছে অন্তত ১০০ জন লোক। এক দর্শকের বক্তব্য অনুযায়ী, নিরাপত্তা, মিডিয়ার লোক-সহ অন্যান্য লোকেরা মেসিকে ঘিরে ছিল। তাই কিছুই দেখা যায়নি।

শনিবার অন্য এক দর্শক বলেন, "টিকিট কেটে যে সমস্ত গ্যালারিতে আমরা বসে ছিলাম সেই গ্যালারির দিকে মেসিকে আনাই হয়নি। শুধুমাত্র জায়েন্ট স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকেই যা দেখার দেখেছি। স্ক্রিনে দেখতে হলে টিভিতেই দেখতে পারতাম। এত টাকা খরচ করার দরকার ছিল না।”

এক দর্শক চেন্নাই থেকে এসেছিলেন। তিনিও রাজ‍্য প্রশাসন এবং আয়োজকদের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, “চেন্নাই থেকে বিমানে করে এসেছি। এখানে খরচা করে হোটেলে থেকেছি। পাঁচ হাজার টাকা খরচ করে মেসিকে দেখার টিকিট কেটেছি। চরম অরাজকতা ছিল। টিকিটের টাকা ফেরতের দাবি জানাচ্ছি।”

নির্ধারিত সময়ে যুবভারতী স্টেডিয়ামে ফুটবল রাজপুত্র পৌঁছোলেও নির্দিষ্ট সময়ের আগেই বেরিয়ে যেতে হয় লিওনেল মেসিকে। প্রশাসনিক ব্যর্থতার ফলে ভিড় সামাল দিতে কার্যত নাকানি চোবানি খেতে হয়েছে পুলিশকে। গ্যালারির চেয়ার ভাঙচুর করা থেকে শুরু করে বোতল ছোড়াছুড়িও পর্যন্ত হয়েছে। পুলিশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে স্টেডিয়ামের ভিতরে ঢুকে পড়েছে ক্ষুব্ধ জনতা। মাত্র ২০ মিনিটের মধ্যেই স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যান ফুটবল রাজপুত্র।


Share