Special Intensive Rivision

ভোটার নথি আপলোডে ‘ইচ্ছাকৃত গরমিল’! এসআইআর শুনানিতে ইআরও-এইআরওদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

সূত্রের খবর, বিশেষ পর্যবেক্ষকেরা রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রের ভোটারদের নথি যাচাই করে আপলোড সংক্রান্ত বেশ কয়েকটি গরমিল খুঁজে পেয়েছেন। ইতিমধ্যে সেই সব ত্রুটি, সংশ্লিষ্ট ইআরও ও এইআরও-দের নাম-সহ কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। কোন ধরনের ভুল হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন পর্যবেক্ষকেরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০৯:৩৭

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানিতে জমা পড়া নথি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে গিয়ে ‘ইচ্ছাকৃত ভুল’ করছেন কিছু আধিকারিক। এমনই অভিযোগ উঠেছে। এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারেরা। কমিশন সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়া তদারকির দায়িত্বে থাকা বিশেষ পর্যবেক্ষকেরাই এই ধরনের ইচ্ছাকৃত ভুল চিহ্নিত করেছেন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

কমিশন সূত্রের খবর, বিশেষ পর্যবেক্ষকেরা রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রের ভোটারদের নথি যাচাই করে আপলোড সংক্রান্ত বেশ কয়েকটি গরমিল খুঁজে পেয়েছেন। ইতিমধ্যে সেই সব ত্রুটি, সংশ্লিষ্ট ইআরও ও এইআরও-দের নাম-সহ কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। কোন ধরনের ভুল হয়েছে, তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন কমিশনের পর্যবেক্ষকেরা।

কমিশন সূত্রে এ-ও জানা গিয়েছে, উত্তর কলকাতার একটি বিধানসভা কেন্দ্রের এক ইআরও-র বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছে। পর্যবেক্ষকদের দাবি, ওই ইআরও শুনানিতে হাজির হওয়া এক ভোটারের যাচাইকৃত নথি হিসেবে পাসপোর্টের উল্লেখ করলেও, কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে আধার কার্ড ও প্যান কার্ডের ছবি। পাসপোর্টের কোনও ছবি আপলোড করা হয়নি। এমনকী, শুনানিতে হাজির ভোটারের আলাদা করে তোলা ছবিও নথিভুক্ত করা হয়েছে বলে অভিযোগ। পর্যবেক্ষকদের মনে করছেন, এই ভুল অসাবধানতাবশত নয়, বরং ইচ্ছাকৃত।

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, বিশেষ পর্যবেক্ষকদের মূল দায়িত্বই হল এই ধরনের অনিয়ম চিহ্নিত করা। ইতিমধ্যে জমা পড়া অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। ভুলগুলি ইচ্ছাকৃত না কি নিছক অসাবধানতার ফল, তা তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্ট ইআরও ও এইআরও-দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে শুনানির মাধ্যমে ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। এখনও বহু ভোটারের তথ্য যাচাই বাকি রয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছিল, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে কমিশন সূত্রে ইঙ্গিত, সেই সময়সীমা আরও পিছিয়ে যেতে পারে।


Share