TMC And BJP Clash

তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত বেহালা, বিরোধী দলের সভামঞ্চ ভাঙচুর করে অগ্নিসংযোগের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দাউ দাউ করে জ্বলে ওঠে সভামঞ্চে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার জেরে ডায়মন্ড হারবার রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজেপির সভামঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১০:৩৩

তৃণমূল-বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র বেহালা। বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয়। সেখানে বিজেপির সভামঞ্চে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূলকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। তাঁদের অভিযোগ, বিজেপির কর্মীরা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অফিসে ভাঙচুর চালিয়েছে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একটি ইঞ্জিন। বিশাল পুলিশ বাহিনী এলাকায় রয়েছে।

জানা গিয়েছে, রবিবার বেহালার সখেরবাজার মোড়ে বিজেপির ‘পরিবর্তিত সংকল্প সভা’ হচ্ছিল। সেই সভায় বক্তব্য রাখার কথা ছিল প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা রাজ‍্য বিজেপির পর্যবেক্ষক বিপ্লব দেব। ওই সভার জন্য বিজেপি কর্মীরা পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, তৃণমূল কর্মীরা পতাকা লাগাতে বাধা দেয়। সেই বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়।

জানা গিয়েছে, ওই সভামঞ্চের সামনেই একটি টেনিস টুর্নামেন্ট চলছিল। তৃণমূলের অভিযোগ, মাইকের আওয়াজে খেলায় বিঘ্ন হচ্ছিল। বিজেপির অভিযোগ, এর পরেই কয়েক জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে গিয়ে সভামঞ্চে হামলা করে। ভাঙচুর করা হয় সভাস্থল। এক ঘন্টা তান্ডব চলার পরে সভামঞ্চে অগ্নিসংযোগ করে দেওয়া হয়। কয়েক জন বিজেপিকে মারধর করা হয় বলেও অভিযোগ। ১০০ মিটার দূরেই স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুদীপ পোল্লের অফিস। আওয়াজ অভিযোগ, বিজেপি কর্মীরা সেখানে ঢুকে অফিসে ভাঙচুর চালায়। বিজেপির আরও অভিযোগ, বিপ্লব দেব বক্তব্য রাখার পর তৃণমূলের কর্মীরা গিয়ে বিজেপির সভামঞ্চে আগুন ধরিয়ে দেয়।

দাউ দাউ করে জ্বলে ওঠে সভামঞ্চে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার জেরে ডায়মন্ড হারবার রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, দুই দলের কর্মীদের সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূলের দুই বিধায়ক দেবাশিস কুমার ও রত্না চট্টোপাধ্যায়। তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। আপাতত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনা নিয়ে কলকাতার মেয়র পারিষদ তথা বিধায়ক দেবাশিস কুমার বলেন, “রাজ‍্যে গণতন্ত্র রয়েছে বলেই তো মঞ্চ বাঁধতে পেরেছিলেন। এসআইআর ষড়যন্ত্র কাজ করছে না বুঝতে পেরেই সুপরিকল্পিত ভাবে বিজেপি একাজ করেছে।” অন্যদিকে, বিজেপির বক্তব্য, “এ ভাবে বিজেপিকে আটকানো যাবে না।”


Share