Leonel Messi Case

যুবভারতীকান্ডের অভিযুক্ত ধৃত শতদ্রু দত্তের জামিন, ১০ হাজার টাকার ব‍্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করল বিধাননগর আদালত

দুটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানো সহ ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫, ৪৬ এবং নাশকতামূলক কার্যকলাপ ছড়ানোর ও জনগনের নিরাপত্তা বিঘ্নিত অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

লিওমেল মেসির সঙ্গে শতদ্রু দত্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৬:৪৭

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে নৈরাজ্যের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত। সোমবার তাঁর জামিন মামলার শুনানি ছিল। তাঁকে বিধাননগর আদালত জামিন দিয়েছে। ১০ হাজার টাকার ব‍্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।

সোমবার আদালতের শতদ্রুর আইনজীবী সওয়াল করেন, এই পর্যন্ত এসে মামলার কোনও অগ্রগতি নেই। তাই তাঁর জামিন মঞ্জুর করা হোক। সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করেন। অবশেষে শতদ্রু দত্তের জামিন মঞ্জুর করেছেন বিচারক। তবে কিছু শর্ত বেধে দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশকে সহযোগিতা করতে হবে। আপাতত তিনি শহরের বাইরে যেতে পারবেন না বলেও আদালত নির্দেশ দিয়েছে আদালত। ১০ হাজার টাকা ব‍্যক্তিগত বন্ডে জমা রাখতে হবে শতদ্রু দত্তকে।

মেসিকে কলকাতায় আনার প্রধান কারিগর ছিলেন শতদ্রু দত্ত। যুবভারতীর বিশৃঙ্খলার পরে ১৩ ডিসেম্বরই কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তখন ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় শতদ্রুকে। গত ২৮ ডিসেম্বর দীর্ঘ সওয়াল জবাবের পর ফের খারিজ হয় জামিনের আবেদন। অবশেষে মেসি কাণ্ডের ৩৭ দিন পর শর্তসাপেক্ষে জামিন পেলেন শতদ্রু।

দুটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানো সহ ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫, ৪৬ এবং নাশকতামূলক কার্যকলাপ ছড়ানোর ও জনগনের নিরাপত্তা বিঘ্নিত অভিযোগে এই মামলা দায়ের করা হয়। পাশাপাশি শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তল্লাশির পরই ব্যাঙ্ক ও নানা লেনদেন সংক্রান্ত হিসাব খতিয়ে দেখেন সিটের আধিকারিকরা। তারপরই শতদ্রুর ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়।


Share