Earthquake

জম্মু-কাশ্মীরের, আন্দামানের পর কেঁপে উঠল কলকাতা, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৩

জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। এ ছাড়াও বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াতেও ভূমিকম্প হয়েছে বলে খবর।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২১

ফের কেঁপে উঠল কলকাতা। জম্মু-কাশ্মীর, আন্দামানের পর কলকাতার কেঁপে উঠল। মঙ্গলবার রাত ৯টা ৪ মিনিট নাগাদ কলকাতায় কম্পন অনুভূত হয়। হাওড়া, হুগলি, দুই পরগনা, বাঁকুড়াতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

জানা যাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল মায়ানমারের সিতউইয়ের ভূমি থেকে সাড়ে ৬২ কিলোমিটার গভীরে। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। এ ছাড়াও বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াতেও ভূমিকম্প হয়েছে বলে খবর।

উল্লেখ্য, সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৮। ভোর পাঁচটা ৩৫ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। ভোরবেলা হওয়ার কারণে অধিকাংশ মানুষই গভীর ঘুমে আচ্ছন ছিলেন। তবুও কম্পন অনুভূত হতেই বাসিন্দারা আতঙ্কের কারণে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। পাশাপাশি, এদিন আন্দামানেও ভূমিকম্প অনুভূত হয়।

জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের অনুভূত হওয়া ভূমিকম্পের কেন্দ্রস্থল বুদগাম জেলা। উৎস্যস্থল মাটির ১০ কিমি নীচে, ৩৩.৯ ডিগ্রি উত্তর এবং ৭৪.৭৬ ডিগ্রি পূর্ব অক্ষাংশে ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে মাত্র ৪ কিলোমিটার দক্ষিণে চরার-ই-শরিফ, ১৩ কিলোমিটার পূর্বে পুলওয়ামা এবং ২১ কিলোমিটার দূরে অবস্থিত শ্রীনগর। এই সমস্ত অঞ্চল সমেত শোপিয়ান ও আশেপাশের অঞ্চলে কম্পন অনুভূত হয়েছিল।

অন্যদিকে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, সোমবার ভোর তিনটে ৩১ মিনিট নাগাদ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ৪.৬। উৎসস্থল নিকোবর অঞ্চলের ১০ কিলোমিটার গভীরে।


Share