Arrest TMC Leader

ধর্ষণ-সহ একাধিক মামলায় গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস, কলকাতা বিমানবন্দর থেকে পাকড়াও

সোমবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, মুম্বই যাওয়ার বিমানে ওঠার জন্য বিমানবন্দরে পৌঁছেছিলেন তিনি। তদন্ত এড়াতেই শহর ছাড়ার চেষ্টা করছিলেন বিধায়ক।

গ্রেফতার ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।
নিজস্ব সংবাদদাতা, ক্যানিং
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ০৯:৫৫

ধর্ষণ-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সোমবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, মুম্বই যাওয়ার বিমানে ওঠার জন্য বিমানবন্দরে পৌঁছেছিলেন তিনি। তদন্ত এড়াতেই শহর ছাড়ার চেষ্টা করছিলেন বিধায়ক। যদিও গ্রেফতারির পর পরেশের দাবি, কী অভিযোগে তাঁকে গ্রেফতার করা হচ্ছে, তা তিনি নিজেই জানেন না।

পুলিশ সূত্রে খবর, পরেশরাম দাস বিমান ধরতে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছেন বলে খবর পায় বারুইপুর জেলা পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ (এসওজি)। এর পর বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করা হয়। দুই পক্ষের তৎপরতায় বিমানবন্দর থেকেই তাঁকে পাকড়াও করা হয়। পরে বারুইপুর জেলা পুলিশের দফতরে নিয়ে যাওয়া হয় বিধায়ককে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করানোর কথা রয়েছে।

পুলিশ জানিয়েছে, ক্যানিং থানায় দায়ের হওয়া ৫৬১/২০২৬ নম্বর মামলায় অভিযুক্ত পরেশ। গত ৫ সেপ্টেম্বর দায়ের হওয়া ওই মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই পরেশের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে অশান্তি, খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। মাতলা নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগও উঠেছিল। পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অশান্তির ঘটনায় তাঁকে তলব করেছিল সিআইডি। কিছু দিন আগে ভবানী ভবনে হাজিরাও দেন বিধায়ক। তবে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল।

কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে পরেশের বিরুদ্ধে জমি দখল-সহ একাধিক অভিযোগের কথা জানানো হয়েছিল। যদিও বিধায়কের দাবি ছিল, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছিল, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলির কয়েকটি ১৬ মে-র পরের। অর্থাৎ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেগুলি দায়ের হয়েছিল।

সম্প্রতি সমাজমাধ্যমেও বেশ কয়েকটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন পরেশ। একটি পোস্টে লিখেছিলেন, ‘আলভিদা ক্যানিং। ফিরে দেখা হবে। কথা হবে।’ দুর্গাপুজোর সময় প্রতিমার সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘মা গো, সবাইকে ভাল রেখো মা... তুমি তো সবটাই জানো, তোমায় আর কী বলব? সবটাই তোমার উপরে ছেড়ে দিলাম।’ এর পর থেকে তাঁর আর কোনও পোস্ট দেখা যায়নি।

গ্রেফতারির পর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরেশ বলেন, “আমাকে সই করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। জানি না আমার বিরুদ্ধে কী অভিযোগ। কেন গ্রেফতার করা হয়েছে। যাই।”

এ দিকে, বিধায়কের গ্রেফতারির সময় নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, পরেশ যত দিন ঋতব্রতর তৃণমূলে ছিলেন, তত দিন পুলিশ কোনও পদক্ষেপ করেনি। সম্প্রতি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে চেয়েছিলেন। তার পরেই গ্রেফতারির ঘটনা ঘটায় সময় নিয়ে প্রশ্ন উঠছে। পাল্টা ঋতব্রতর তৃণমূলের সর্বভারতীয় চেয়ারম্যান অরূপ রায় বলেন, পুলিশের কাছে নিশ্চয়ই পরেশের বিরুদ্ধে থাকা অভিযোগের ভিত্তিতে কিছু প্রমাণ রয়েছে। সেই কারণেই গ্রেফতার করা হয়ে থাকতে পারে। কুণাল ঘোষের মন্তব্যকে গুরুত্ব দিতেও নারাজ তিনি।

পরেশরামের গ্রেফতারির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ওঁর বিরুদ্ধে আনেক অভিযোগ রয়েছে। ভোট পরবর্তী হিংসার মামলা রয়েছে। আমি যখন বিরোধী দলনেতা ছিলাম, তখন আমাকে বলেছিল— ক‍্যানিং-এ এলে পা ভেঙে দেবে। সরকারি জমি দখল করে বৃদ্ধাশ্রম বানিয়েছে। সরকারি জমি সব পুনরুদ্ধার করার ব্যবস্থা করাব।”


Share