Chief Minister of Kerala

অবশেষে কেরলে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা কংগ্রেসের! বেণুগোপাল-চেন্নিতালাকে টপকে বাজিমাত ভিডি সতীশনের

দক্ষিণের এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে ভিডি সতীশনকে।

কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন
নিজস্ব সংবাদদাতা, কেরল
  • শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০৭:২৬

অবশেষে কেরলের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল কংগ্রেস। দক্ষিণের এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে ভিডি সতীশনকে। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তাঁর নাম ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কেরলের দায়িত্বপ্রাপ্ত দীপা দাশমুন্সি। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক এবং জয়রাম রমেশ।

কেরলে ১০২টি আসনে জয় পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। তবে ফল প্রকাশের পর প্রায় ১০ দিন কেটে গেলেও মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জট কাটছিল না। বিরোধী দলনেতা সতীশনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন কংগ্রেসের সংগঠন সম্পাদক কে সি বেণুগোপাল  এবং বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিতালা।

দলীয় সূত্রে আগে জানা গিয়েছিল, কংগ্রেস পরিষদীয় দল মুখ্যমন্ত্রী পদে বেণুগোপালের নাম প্রস্তাব করেছে। যদিও একাংশ বিধায়ক সতীশনের পক্ষেই সওয়াল করেন। তাঁদের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইউডিএফের ভরাডুবির পর দলকে ঘুরে দাঁড় করানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল সতীশনের। শেষ পর্যন্ত সেই আস্থাতেই শিলমোহর দিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

একাধিকবারের বিধায়ক সতীশন কেরলের এর্নাকুলাম জেলার পারাভুর কেন্দ্রের প্রতিনিধি। সংগঠনের নিচুতলার কর্মীদের মধ্যেও তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে।

বুধবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাসভবনে রাহুল গান্ধী-সহ দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। প্রায় ৪০ মিনিটের সেই বৈঠকের পর জয়রাম রমেশ জানিয়েছিলেন, কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সেই মতোই বৃহস্পতিবার দুপুরে কংগ্রেস পরিষদীয় দলের নেতা হিসেবে সতীশনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তবে তাঁর শপথগ্রহণের দিন এখনও জানানো হয়নি।


Share