Mysterious Death

দিল্লিতে রহস্যমৃত্যু দুই বোনের, ঘর থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার মা

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই মহিলা দুই মেয়েকে খুন করেছেন। তারপর নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ০৪:১৬

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মালব্য নগর এলাকায় ঘটনাটি ঘটেছে। সেখানে একটি বাড়ি থেকে পুলিশ দুই বোনের মৃতদেহ উদ্ধার করেছে। একই সঙ্গে তাঁদের মাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই মহিলা প্রথমে নিজের দুই মেয়েকে খুন করেছেন। পরে নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ঘটনাটি ঘিরে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা প্রায় ৬টা ১০ মিনিট নাগাদ মালব্য নগর থানায় একটি ফোন আসে। ফোনে জানানো হয়, এলাকার একটি বাড়ির দরজা দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। ভেতর থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছে না। পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায়, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তারা দুই বোনের দেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজনের মুখে বালিশ চাপা দেওয়া ছিল। আর অন্যজনের গলায় আঘাতের দাগ পাওয়া গেছে। একই বাড়ির অন্য একটি ঘর থেকে তাঁদের মাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

জানা গিয়েছে, এক প্রতিবেশীই সন্দেহজনক পরিস্থিতি দেখে পুলিশকে ফোন করেছিলেন। ইতিমধ্যেই ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।পুলিশ জানিয়েছে, ওই মহিলা সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তকারী দল প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছে।


Share