Supreme Court

ঐতিহ‍্যবাহী শিল্প ধ্বংসের জন‍্য দায়ী ট্রেড ইউনিয়ন! গৃহকর্মীদের ন‍্যূনতম বেতনের মামলায় কমিউনিস্ট সংগঠনগুলিকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

কমিউনিস্ট সংগঠনগুলির দাবি, বাড়ির গৃহকর্মীদের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করার নির্দেশ দিক শীর্ষ আদালত। মামলাটি গ্রহণের শুরুতেই প্রধান বিচারপতি সূর্য কান্ত পর্যবেক্ষণে জানান, এমনটা হলে তো প্রতিটি পরিবার মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়বে। এর ফলে তাঁরা গৃহকর্মী নিয়োগ বন্ধ করে দেবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১০:৫০

ট্রেড ইউনিয়নগুলিকে কার্যত ভর্ৎসনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

আজ, বৃহস্পতিবার গৃহকর্মীদের ন্যূনতম মজুরি দাবি করে কমিউনিস্ট সংগঠনের একটি আবেদনের শুনানিতে তিনি স্পষ্টভাবে বলেন, দেশের শিল্প বিকাশ স্থবির হয়ে পড়া এবং ঐতিহ্যবাহী শিল্প ধ্বংসের জন্য মূলত দায়ী ট্রেড ইউনিয়নগুলি। এর ফলে চাকরি হ্রাস পাচ্ছে। 

প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, গৃহকর্মীদের বিষয়ে আরও কঠোর নিয়ম প্রণয়ন করা হলে, প্রতিটি পরিবার মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়বে এবং লোকেরা তাঁদের নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেবে।

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, তথাকথিত “ঝান্ডাওয়ালা ইউনিয়ন” দেশের ঐতিহ্যবাহী শিল্প বন্ধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেবলমাত্র ট্রেড ইউনিয়নের কারণে দেশের কত শিল্প ইউনিট বন্ধ হয়ে গেছে সে সম্পর্কে সত্য প্রকাশ করা উচিত। 

ট্রেড ইউনিয়নগুলির নেতাদের সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত, এই লোকেরা কাজ করতে চায় না। দেশের শিল্প উন্নয়ন বন্ধ হওয়ার জন্য ট্রেড ইউনিয়ন নেতারাই মূলত দায়ী।


Share