Stock Market

ডলারের সামনে ধুঁকছে টাকা!,রেকর্ড পতনে ৯৬.২৫ ছুঁল মূল্য, কাঁপছে শেয়ার বাজারও

সোমবার বাজার খুলতেই ফের রেকর্ড পতন দেখা গেল ভারতীয় মুদ্রায়। এক মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম পৌঁছল ৯৬.২৫-এ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০১:৫৯

সেঞ্চুরির দিকে আরও একধাপ এগোল টাকার দর। সোমবার বাজার খুলতেই ফের রেকর্ড পতন দেখা গেল ভারতীয় মুদ্রায়। এক মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম পৌঁছল ৯৬.২৫-এ। অর্থাৎ এ দিন আরও ৪৪ পয়সা কম হল টাকা। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জেরেই টাকার উপর চাপ বাড়ছে। এর প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারেও।

গত ৪ মার্চ প্রথমবার বড় ধাক্কা খায় ভারতীয় মুদ্রা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে ডলারের দাম বেড়ে দাঁড়ায় ৯২.১৭ টাকা। তারপর থেকেই টাকার দর ক্রমশ নিম্নমুখী। ১২ মে রেকর্ড পতনের ফলে এক ডলারের দাম পৌঁছেছিল ৯৫.৫৮ টাকায়। সোমবার ফের ৪৪ পয়সা পড়ে গিয়ে তা দাঁড়াল ৯৬.২৫-এ।

বিশ্লেষকদের দাবি, ইরান-আমেরিকা সংঘাত এবং তার জেরে বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধিই এই পরিস্থিতির মূল কারণ। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। প্রায় দেড় মাসের সংঘর্ষের পর আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্থায়ী শান্তির কোনও ইঙ্গিত এখনও মেলেনি। হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তার কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ভারতের অর্থনীতিতেও। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকার ও আরবিআই সক্রিয় পদক্ষেপ শুরু করেছে বলে জানা গিয়েছে।

এদিকে আন্তর্জাতিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। সোমবার বাজার খোলার পর সেনসেক্স প্রায় ৯৫০ পয়েন্ট পর্যন্ত নেমে যায়। একইসঙ্গে বড় পতন দেখা যায় নিফটিতেও। যদিও পরে কিছুটা ঘুরে দাঁড়ায় বাজার। সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ বিএসই সেনসেক্স ৬৪৫ পয়েন্ট বা ০.৮৬ শতাংশ কমে দাঁড়ায় ৭৪,৫৯২.৯৯-এ। নিফটি ২০৬.৩০ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ নেমে পৌঁছয় ২৩,৪৩৭.২০-এ। ব্যাঙ্ক নিফটিতেও বড় ধাক্কা লাগে। সূচকটি ৬৮৫.৬০ পয়েন্ট বা ১.২৮ শতাংশ কমে দাঁড়ায় ৫৩,০২৪.৭৫-এ।


Share