Jharkhand Protest

বৈঠক ব্যর্থ, কাটল না নিয়োগ দুর্নীতির জট! সিবিআই তদন্তের দাবিতে অনড় পড়ুয়ারা, সোমবার বিধানসভা অভিযান ঝাড়খণ্ডে

কিন্তু সরকারের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা জানিয়েছেন, সোমবার তাঁরা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিধানসভা পর্যন্ত মিছিল করবেন। এই পরিস্থিতিতে সম্ভাব্য উত্তেজনার কথা মাথায় রেখে রাঁচীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

ঝাড়খন্ডে বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, ঝাড়খণ্ড
  • শেষ আপডেট: ১০ আগস্ট ২০২৬ ১২:০৫

বৈঠকের পরও কাটল না জট। সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে আন্দোলন ঝাড়খন্ডের পড়ুয়ারা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের ঘোষণা, সোমবার তাঁরা বিধানসভা পর্যন্ত মিছিল করবেন। পাশাপাশি, পুরো ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবিতেও অনড় আন্দোলনকারীরা।

ঝাড়খণ্ড সরকারের দাবি, পড়ুয়াদের দাবিগুলিকে গুরুত্ব দিয়ে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে। সরকারের বক্তব্য, তাঁদের প্রায় ৯৮ শতাংশ দাবি মেনে নেওয়া হয়েছে এবং তিনটি পরীক্ষাও বাতিল করা হয়েছে। তবে সরকার সিবিআই তদন্তের দাবি মানতে নারাজ। পরিবর্তে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার আন্দোলনকারী পড়ুয়াদের ফের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। কিন্তু সরকারের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা জানিয়েছেন, সোমবার তাঁরা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিধানসভা পর্যন্ত মিছিল করবেন। এই পরিস্থিতিতে সম্ভাব্য উত্তেজনার কথা মাথায় রেখে রাঁচীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

রবিবার রাঁচীর মোরাবাদির সরকারি অতিথিশালায় আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে সরকারপক্ষের বৈঠক ভেস্তে যায়। বৈঠক ব্যর্থ হওয়ার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং রাজ্যপাল সন্তোষকুমার গাঙ্গোয়ার ফের পড়ুয়াদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তবে নিজেদের দাবিতে এখনও অনড় আন্দোলনকারীরা। পড়ুয়াদের প্রধান দাবি, নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগের তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে করাতে হবে। ছাত্রনেতা সঞ্জয় মেহতা জানান, তিন দফা আলোচনার পরেও সরকার তাঁদের সব দাবি মেনে নেয়নি। তাই সোমবার বিধানসভা অভিযানের কর্মসূচি রয়েছে।

সঞ্জয় মেহতা বলেন, ‘‘তিন দফা আলোচনার পরেও সরকার আমাদের ১০০ শতাংশ দাবি মানেনি। সোমবার যে বিধানসভা মার্চের কর্মসূচি রয়েছে, তাতে ঝাড়খণ্ডের সব জেলার প্রতিবাদীরা নৈতিক সমর্থন জানিয়েছেন। পুরনো বিধানসভা ভবন থেকে নতুন বিধানসভা ভবন পর্যন্ত আমরা মিছিল করব। কর্মসূচি হবে শান্তিপূর্ণ।’’

আন্দোলনকারীদের দাবি, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন, স্নাতক স্তরের সিজিএল নিয়োগ পরীক্ষা, সিবিআই তদন্ত এবং পরীক্ষা পদ্ধতির সংস্কার। তাঁদের অভিযোগ, এই দাবিগুলির কোনওটিই সরকার পুরোপুরি মেনে নেয়নি। সঞ্জয় মেহতার স্পষ্ট বক্তব্য, ‘‘এই তিনটির মধ্যে একটি দাবিও যদি সরকার মানতে না চায়, তা হলে আন্দোলন চালিয়ে যাব।’’ তার পরেই প্রতিবাদীদের উদ্দেশে তিনি তাঁর বার্তা, ‘‘শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি করুন। পুলিশের সঙ্গে কোনও রকম সংঘাত নয়।’’ তিনি প্রতিবাদীদের জল্পনায় কান দিতেও বারণ করেছেন।

গত আট দিন ধরে পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে অনশনে রয়েছেন দেবেন্দ্রনাথ মাহাতো। সোমবারের কর্মসূচিতে ঝাড়খণ্ডের সমস্ত পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ‘‘সোমবার ঝাড়খণ্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন।’’

এ দিকে, নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের ঝাড়খণ্ড সিআইডি তদন্ত চালাচ্ছে। তদন্তের অংশ হিসেবে সম্প্রতি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর তিন আধিকারিক অজিতা ভট্টাচার্য, জামাল আহমেদ এবং অনিমা হাঁসদাকে নোটিশ পাঠানো হয়। এই বিতর্কের মধ্যেই ওই তিন আধিকারিক জেপিএসসির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁদের পদত্যাগপত্র ইতিমধ্যেই ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষকুমার গ্রহণ করেছেন।

সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় আন্দোলনকারী পড়ুয়ারা। যদিও এই দাবি নিয়ে ঝাড়খন্ড সরকার সরাসরি কোনও মন্তব্য করেনি। বৈঠক শেষে কারিগরি ও উচ্চশিক্ষামন্ত্রী সুদিব্য কুমার জানান, সরকার সিআইডি তদন্তের উপর নজরদারির জন্য এক জন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আন্দোলনকারীরা সেই প্রস্তাবে রাজি হননি।মন্ত্রী জানান, ঝাড়খন্ডের সিআইডি ফৌজদারি অভিযোগগুলির তদন্ত করবে। পাশাপাশি আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে তদন্তের অনুরোধ জানানো হবে।

মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্তের কথাও জানান সুদিব্য। তাঁর আশ্বাস, ৯০ দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হবে। একই সঙ্গে সরকার পরীক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারেরও প্রতিশ্রুতি দিয়েছে। এ জন্য আইআইটি-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে সরকারের আশ্বাসে আন্দোলনকারীরা এখনও সন্তুষ্ট নন। তাঁরা নিজেদের দাবিতে অনড় থেকে সোমবার বিধানসভা পর্যন্ত মিছিল করার সিদ্ধান্তেই অটল রয়েছেন।


Share