Mysterious Death

মদ‍্যপান নিয়ে আপত্তি করায় বাবার মাথায় কুড়ুল দিয়ে কোপ, খুনের অভিযোগ গ্রেফতার ছেলে

অভিযোগ, রাগের মাথায় প্রভাত ঘরে ঢুকে একটি কুড়ুল নিয়ে এসে বাবার মাথায় পরপর আঘাত করে। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন পরশ। এরপর দেহটি বাড়ির কাছে একটি জলের ট্যাঙ্কে ফেলে রেখে প্রভাত বাইরে চলে যায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ছত্তীসগঢ়
  • শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ০৭:৫৬

ছেলের মদ্যপান নিয়ে আপত্তি ছিল বাবার। সেই বিষয়কে কেন্দ্র করে প্রায়ই অশান্তি লেগেই থাকত বাড়িতে। অভিযোগ, সেই ঝামেলার জেরেই বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছে ছেলে। খুনের পর বাড়ি থেকে বেরিয়ে বিরিয়ানি খেয়ে ফিরে এসে নিশ্চিন্তে ঘুমিয়েছে সে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ছত্তীসগঢ়ের অম্বিকাপুর শহরে।

পুলিশ সূত্রে খবর, নিহত পরশ কেরকেট্টা (৫০) সরগুজা জেলার বেহারাপাড়া এলাকায় একাই থাকতেন। তাঁর ২৫ বছর বয়সি ছেলে প্রভাত পাশের একটি বাড়িতে ভাড়া থাকত। সোমবার রাত প্রায় ১১টা নাগাদ প্রভাত মদ্যপ অবস্থায় বাবার সঙ্গে দেখা করতে যায়। সেই সময় মদ খাওয়া নিয়ে দু’জনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

অভিযোগ, রাগের মাথায় প্রভাত ঘরে ঢুকে একটি কুড়ুল নিয়ে এসে বাবার মাথায় পরপর আঘাত করে। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন পরশ। এরপর দেহটি বাড়ির কাছে একটি জলের ট্যাঙ্কে ফেলে রেখে প্রভাত বাইরে চলে যায়। জানা গিয়েছে, সে বিরিয়ানি খেয়ে বাড়ি ফিরে সারা রাত ঘুমিয়ে পড়ে।

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা পরশকে বাড়ি থেকে বেরোতে না দেখে সন্দেহ প্রকাশ করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও ফরেনসিক দল। এলাকা ঘিরে ফেলে নমুনা সংগ্রহ করা হয়।

পুলিশ আধিকারিক সিপি তেওয়ারি জানান, অভিযুক্ত প্রভাতকে গ্রেফতার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share